দেশে কর্মসংস্থান সৃষ্টিতে পোলট্রি তথা হাঁস-মুরগি ও ডিম উৎপাদন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাত দেশে আরও ৫০ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি করতে পারে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার এ অভিমত ব্যক্ত করেছেন। কাজী ফার্মস গ্রুপের ‘পরিবেশক সম্মেলন-২০১০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির। অর্থমন্ত্রী বলেন, শুধু পুষ্টির চাহিদা মেটানো নয়; এই খাত ইতিমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আরও ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ আছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী ফার্মস গ্রুপের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান। অর্থমন্ত্রী বলেন, স্বল্প বিনিয়োগ প্রয়োজন হয় বলে পোলট্রি শিল্প বাংলাদেশের জন্য একটি আদর্শ শিল্প। তিনি বলেন, ‘সবাই তো কাজী ফার্মের মতো বিশাল প্রতিষ্ঠান নয়। বরং বেশির ভাগ খামারই ক্ষুদ্র ও মাঝারি। তারা সীমিত বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।’বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশে এই খামার শিল্পের সম্ভাবনা অনেক বড়। এই খাত পল্লি অঞ্চলের জনগণের কাজের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।খাদ্যমন্ত্রী বার্ড ফ্লু থেকে পোলট্রি শিল্পকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে আবদুর রাজ্জাক আরও বলেন, ১৯৯৬-২০০১ সময়কালে প্রতিবছর খাদ্য উৎপাদন প্রায় ৮০ লাখ টন করে বেড়েছে।মন্ত্রী জানান, যে দেশে এখন প্রতি সপ্তাহে ৬০ থেকে ৬৫ লাখ মুরগির চাহিদা রয়েছে, যেখানে সপ্তাহে উৎপাদন হয় ৪০ থেকে ৪৫ লাখ পিস মুরগির বাচ্চা। সুতরাং এই খাতে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কব ভেনট্রেসের অ্যালগিস মার্টিনেজ। বক্তব্য দেন কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিশান হাসান।