বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।এর আগে গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইডিআরএর চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদের নিয়োগ অবৈধ বলে রায় দেন। জানা যায়, গত বছরের আগস্টে মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারধারী ফিরোজ জামান আইডিআরএর চেয়ারম্যান পদে থাকা প্রশ্নে শেফাক আহমেদের প্রয়োজনীয় যোগ্যতা নেই মর্মে হাইকোর্টে রিট (রিট নম্বর-১১২০৬/১২) আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১২ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শেফাক আহমেদের নিয়োগ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন এবং আইডিআরএর চেয়ারম্যানকে তাঁর নিয়োগ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র দাখিল করতে বলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট রায় ঘোষণা করেন।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী এম জহির ও শফিকুর রহমান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।পরে আইনজীবী শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট শেফাক আহমেদের নিয়োগ ও পদে বহাল অবৈধ ঘোষণা করে রায় দেন। কয়েক ঘণ্টার ব্যবধানে স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে অপর পক্ষ। আদালত ৮ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন।একরামুল হক প্রথম আলোকে বলেন, রিটে দাবি করা হয় যে শেফাক আহমেদের ২০ বছরের অভিজ্ঞতা নেই। কিন্তু বাস্তবিক অর্থে তাঁর ২৬ বছরের অভিজ্ঞতা প্রতীয়মান হয়। এ কারণে স্থগিতাদেশ চেয়ে শেফাক আহমেদের পক্ষে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়। আদালত ৮ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে ওই দিন বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।শেফাক আহমেদ আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ২০১১ সালের ২৬ জানুয়ারি। এর আগে তিনি দেশি বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং বিদেশি একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। শেফাক আহমেদের বিরুদ্ধে এ ছাড়া ১৫টি হয়রানিমূলক মামলা করা হয়, যে মামলাগুলোতে বাদীদের স্থায়ী ও বর্তমান ঠিকানা ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয়, এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।