মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।গতকাল রোববার সংস্থাটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের ফলে মিউচুয়াল ফান্ড খাতে দীর্ঘদিনের সৃষ্ট জটিলতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।বৈঠক শেষে এসইসির সদস্য মনসুর আলম সাংবাদিকদের বলেন, ‘রায়ের আইনগত ব্যাখ্যা, পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ ও মিউচুয়াল ফান্ড খাতের ভবিষ্যত্—সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিবেচনায় নিয়েই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। সব পক্ষকেই রায়ের নির্দেশনা পরিপালন করতে হবে।’মনসুর আলম আরও বলেন, রায়ে বলা হয়েছে যে মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনীটি গৃহীত হওয়ার আগে বাজারে যেসব ফান্ড ছিল, তাদের ক্ষেত্রে সংশোধনীটি কার্যকর হবে না। কিন্তু মেয়াদি বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের রাইট বা বোনাস দেওয়ার অনুমোদনের বিষয়টি এসইসির ওপর বর্তাবে। এ ক্ষেত্রে অনুমোদন দেওয়া বা না দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা এসইসির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে সংশোধনীর পরে যেসব ফান্ড বাজারে এসেছে, সেসবের ক্ষেত্রে সংশোধনীর সিদ্ধান্ত কার্যকর থাকবে।সংবাদ সম্মেলনে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।যোগাযোগ করা হলে মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রস্তাবিত) সভাপতি ইওয়ার সায়ীদ এ ব্যাপারে প্রথম আলোকে জানান, এসইসির এ সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এটা নিঃসন্দেহে ভালো খবর।লভ্যাংশ প্রসঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর ভাবনা জানতে চাইলে ইওয়ার সায়ীদ বলেন, ‘এ বিষয়ে রায়ের ব্যাখ্যা এখনো আমরা জানি না। এ ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে এসইসির কাছে জানতে চাইব। এসইসি যে নির্দেশ দেবে, আমরা সেটাই পরিপালন করব।’২০০৮ সালের মাঝামাঝি এসইসি মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত বিধিমালার ৬৬ বিধি সংশোধন করে জানায়, কোনো ধরনের মেয়াদি মিউচুয়াল ফান্ড রাইট বা বোনাস দিয়ে মূল তহবিলের আকার বাড়াতে পারবে না। একই সঙ্গে সংস্থাটি মিউচুয়াল ফান্ডের প্রাক-আইপিও প্লেসমেন্ট অপর কোনো ফান্ডের ইউনিটের বিপরীতে বরাদ্দ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।এর আগে এসইসি দুটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বোনাস লভ্যাংশ ঘোষণা করে তহবিলের আকার বাড়ানোর অনুমোদন দিয়েছিল। আর এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা জন্ম নিয়েছিল যে ভবিষ্যতে অন্য ফান্ডগুলোও বোনাস ঘোষণা করবে। তাই ওই সময় বাজারে মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকে। কিন্তু রাইট ও বোনাস দেওয়ার ওপর নিষেধাজ্ঞা এনে এসইসির নেওয়া সিদ্ধান্তের কারণে মিউচুয়াল ফান্ডের দামে ব্যাপক পতন ঘটে। এ সময় মাত্র সাত কর্মদিবসেই মিউচুয়াল ফান্ডগুলো সম্মিলিতভাবে ৩৫০ কোটি টাকার বাজার মূলধন হারায়। পরে এ নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত তিনজন বিনিয়োগকারী এসইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করেন। এ সময় আদালত রায় না হওয়া পর্যন্ত মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণার ওপর স্থগিতাদেশ দেন। এ কারণে রাইট-বোনাস তো দূরের কথা, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা দীর্ঘ দুই বছর কোনো নগদ লভ্যাংশও পাননি।অবশেষে গত ১১ নভেম্বর হাইকোর্ট মামলার রায় দিলে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আবার আশাবাদী হয়ে ওঠেন। কিন্তু এসইসির পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানানো হয়। এ ঘোষণার পরপর মিউচুয়াল ফান্ডের দাম আবার কমতে শুরু করে। অনেক বিনিয়োগকারী সবটুকু মূলধন হারিয়ে রাস্তায় নামেন।এদিকে গতকাল এক আদেশে এসইসি সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েছে, কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডের মোট মেয়াদ কোনোভাবেই ১০ বছরের বেশি হবে না। একই সঙ্গে এ আদেশে যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনির্ধারিত মেয়াদ ইতিমধ্যে ১০ বছর অতিক্রম করেছে, সেসব ফান্ডকে আগামী দু্ই বছর অর্থাত্ ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অবলুপ্ত করতে বলা হয়েছে।এসব ফান্ডের মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বিএসআরএস মিউচুয়াল ফান্ড।বাজার পরিস্থিতি: এদিকে দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচক বৃদ্ধির ধারা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেনের রেকর্ড হয়েছে।ডিএসইতে গতকাল এক হাজার ৪৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ১৩ জানুয়ারির রেকর্ড লেনদেনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকা।গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৫৬ পয়েন্ট ছাড়িয়ে গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭৭ পয়েন্ট হয়েছে।