হাইকোর্টের রুলের জবাব দিতে প্রস্তুত ডিএসই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত হাইকোর্টের রুলের জবাব দিতে প্রস্তুত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে ডিএসইর পর্ষদ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রুলের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজকের সভায় ডিএসইতে লেনদেনের সময় আধা ঘণ্টা এগিয়ে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ-সংক্রান্ত প্রস্তাব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে।এ ছাড়া তালিকাভুক্ত শীর্ষ ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার লক্ষ্যে একটি জুরি বোর্ড গঠনেরও সিদ্ধান্ত হয় আজকের সভায়।পর্ষদ সভা শেষে আহমেদ রশিদ লালী সাংবাদিকদের এসব বিষয় নিশ্চিত করে বলেন, ডিএসইর পক্ষ থেকে সব ধরনের তথ্য-উপাত্তসহ হাইকোর্টের রুলের জবাব দেওয়া হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তারিখ ও সময় নির্ধারণ করা হবে।প্রসঙ্গত, ৮ এপ্রিল রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।ওই দিন হাইকোর্টে রিটটি দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আবদুল মোমিন।