হাইটেক পার্ক উন্নয়নের কাজ পেল সামিট

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের দুটি ব্লকের উন্নয়ন করবে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টেকনোপলিস লিমিটেড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল রোববার সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও সামিট টেকনোপলিসের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর খান চুক্তিতে সই করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, হাইটেক পার্কের ২ ও ৫ নম্বর ব্লকের উন্নয়নে ভারতের ইনফিনিটি ইনফোটেক পার্কস লিমিটেড ও সামিট গ্রুপ যৌথভাবে ২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। মোট পাঁচটি ব্লকের এ হাইটেক পার্কে এ দুটি ব্লকের জমির পরিমাণ ৯১ একর।
চুক্তি অনুযায়ী, ২ নম্বর ব্লকে বহুতল ভবন, কনভেনশন সেন্টার, হোটেল, ওয়্যারহাউসসহ আরও কিছু অবকাঠামো তৈরি হবে। আর ৫ নম্বর ব্লকে হাইটেক পার্ক এলাকার উন্নয়ন, পানি পরিশোধনাগার ও সাবস্টেশন নির্মাণ করা হবে।
সরকার ও সামিটের মধ্যে এ চুক্তির মেয়াদ ৪০ বছর। এটি আরও ২০ বছর বাড়তে পারে। প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে।