হাইব্রিড ইঞ্জিনযুক্ত রিকন্ডিশন্ড গাড়ি আমদানির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার পর দেশে হাইব্রিড ইঞ্জিনযুক্ত রিকন্ডিশন্ড গাড়িও আমদানি করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতির (বারভিডা) একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এমন ঘোষণা দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ।
বর্তমানে হাইব্রিড ইঞ্জিনযুক্ত নতুন গাড়ি আমদানি করা যায়। হাইব্রিড ইঞ্জিনযুক্ত রিকন্ডিশন্ড গাড়ি আমদানির জন্য কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিল বারভিডা। অর্থমন্ত্রীর ঘোষণা বাস্তবে রূপ নিলে দেশে প্রথমবারের মতো হাইব্রিড ইঞ্জিনযুক্ত রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হবে।
হাইব্রিড গাড়ি তেল ও ব্যাটারি দুটিতেই চলে। যখন তেলে চলে, তখন আলাদা একটি মোটরের সাহায্যে ব্যাটারি রিচার্জ হতে থাকে। ব্যাটারি রিচার্জ হয়ে গেলে তেলের লাইন আপনা-আপনিই বন্ধ হয়ে গাড়ি চলতে থাকে ব্যাটারি দিয়ে। সাধারণ গাড়ি প্রতি লিটারে ঘণ্টায় সাত-আট কিলোমিটার চললেও হাইব্রিড গাড়ি ১৮-২০ কিলোমিটার পর্যন্ত চলে।
বারভিডা জানায়, হাইব্রিড ইঞ্জিনযুক্ত গাড়ির দাম ১৮-১৯ শতাংশ বেশি। তবে এই গাড়ি পরিবেশকে কম দূষণ করে। এর জ্বালানি খরচ অন্তত ৬০ শতাংশ কম। বিভিন্ন দেশ এ ধরনের গাড়ি আমদানিতে প্রণোদনা দেয়। ২০০৯ সাল থেকে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশও।
কিন্তু এই প্রণোদনার উদ্দেশ্য সফল হয়নি বলে মনে করে বারভিডা। সংগঠনটি বলেছে, মেরামতযোগ্য নয়, ব্যাটারির আয়ুষ্কাল কম ও সহজে পাওয়া যায় না—এ ধরনের অপপ্রচারের কারণে রেয়াতি সুবিধার পরও দেশে হাইব্রিড ইঞ্জিনযুক্ত গাড়ি আমদানি হয়েছে নামমাত্র।
বারভিডার সভাপতি বলেন, ‘হাইব্রিড ইঞ্জিনযুক্ত গাড়ি আমদানি উৎসাহিত করতে বর্তমানে যে শুল্কছাড় রয়েছে, তার সামান্যতমও রিকন্ডিশন্ড হাইব্রিড ইঞ্জিনযুক্ত গাড়ি আমদানিতে দেওয়া হলে মানুষ উপকৃত হবে।’
অর্থমন্ত্রী আলোচনা অনুষ্ঠানেই সিদ্ধান্ত দেন, ‘আগামী বাজেটে হাইব্রিড ইঞ্জিনযুক্ত রিকন্ডিশন্ড গাড়ি আমদানির সুযোগ রাখা হবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনগুলোতে অস্পষ্টতা থাকার অভিযোগও তোলেন বারভিডার সদস্যরা। তাঁরা বলেন, অস্পষ্টতার কারণে মাঠপর্যায়ের শুল্ক কর্মকর্তারা তো বটেই, প্রকৃত ব্যবসায়ীরাও সংকটে পড়েন।
বর্তমানে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে ১৫ থেকে ৪৫ শতাংশ অবচয় সুবিধা রয়েছে। এই হার ২৫ থেকে ৫৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বারভিডা। এ ছাড়া গাড়ির বয়স গণনা পদ্ধতি সংশোধনসহ সম্পূরক শুল্কহার পুনর্বিন্যাসের দাবিও জানায় সংগঠনটি।
অর্থমন্ত্রী বয়স গণনা পদ্ধতিটি পর্যালোচনার আশ্বাস দিয়ে অন্য বিষয়গুলোতে বর্তমানের নিয়মকানুনই বহাল থাকবে বলে তাঁদের জানিয়ে দেন।