পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী হাইব্রিড প্রযুক্তির রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ি আমদানির ক্ষেত্রে নতুন গাড়ির মতো রেয়াতি সুবিধা চেয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
পুরোনো গাড়ি ব্যবসায়ীদের এই সংগঠনটি বলছে, আগামী অর্থবছরের বাজেটে হাইব্রিড নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্কে ছাড় দেওয়া হয়েছে। তবে হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়িকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। ‘বৈষম্যমূলক’ এই সিদ্ধান্তের কারণে হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করবেন না ব্যবসায়ীরা। উচ্চ শুল্কের কারণে এই গাড়ির দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে হাইব্রিড গাড়ি ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের ওপর চাপ কমানোর যে বড় সুযোগ আছে, সেটি কাজে লাগানো যাবে না।
ঢাকার বিজয়নগরে নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বারভিডা। এতে পরিবেশবান্ধব ও জ্বালানি সহায়ক রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানি বৈষম্যমুক্ত করার দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার উপদেষ্টা আবদুল হক, সভাপতি আবদুল হামিদ শরীফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক হাবিব উল্লাহ প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে হাইব্রিড গাড়ির ইতিবাচক দিক তুলে ধরে বারভিডার নেতারা বলেন, জৈব জ্বালানির সাধারণ গাড়ির চেয়ে হাইব্রিড গাড়িতে অর্ধেকের কম জ্বালানি খরচ হয়। কারণ, লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে হাইব্রিড গাড়ির ইঞ্জিন চলে। সেই ব্যাটারি আবার নিজে থেকে রিচার্জ হয়ে যায়। অন্যদিকে হাইব্রিড গাড়িতে যেহেতু জ্বালানি খরচ অনেক কম হয় বলে এসব গাড়ি কিনে কেউ আর সিএনজিতে রূপান্তর করতে যাবে না। তাতে গ্যাসের ওপর চাপ কমবে।
বারভিডার দাবির পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরের বাজেটে রেয়াতি সুবিধায় রিকন্ডিশন্ড গাড়ি আমদানির সুযোগ দেন অর্থমন্ত্রী। তবে সেই সুবিধা কেবল হাইব্রিড নতুন গাড়ির জন্য প্রযোজ্য। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়ি আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক লাগবে। বিপরীতে পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ। ১৫০১ থেকে ২০০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়িতে ৬০ শতাংশ ও হাইব্রিড পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক ১০০ শতাংশ দিতে হবে। ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়ি আমদানিতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্কের বিপরীতে হাইব্রিড পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে ২০০ শতাংশ।
বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ বলেন, ‘বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করি। তিনি হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ির জন্য সুবিধা দিতে রাজি হয়েছিলেন। একই সঙ্গে সুযোগ পেয়েও হাইব্রিড গাড়ি আমদানি না হওয়ায় অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড কেন বদলে গেল, সেটি আমাদের বোধগম্য নয়।’
সাবেক সভাপতি হাবিব উল্লাহ বলেন, ‘হাইব্রিডের পর ইলেকট্রিক গাড়ি চলে এসেছে বিশ্বের অনেক দেশে। আর আমাদের দেশে হাইব্রিড গাড়িই সেভাবে আসেনি। চার-পাঁচ বছর ধরে আমাদের হাইব্রিড গাড়ির পেছনেই দৌড়াতে হচ্ছে।’
বারভিডা নেতারা বলেন, নতুন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ আট বছর ধরে আছে। মাত্র ৩০০ গাড়ি আমদানি হয়েছে। কারণ, দেশে রিকন্ডিশন্ড গাড়ির ক্রেতার সংখ্যা বেশি। দেশে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ গাড়িই রিকন্ডিশন্ড। তা ছাড়া সাধারণ গাড়ির চেয়ে হাইব্রিড গাড়ির দাম ২১ থেকে ২৫ শতাংশ বেশি। ফলে শুল্কস্তর না কমালে এসব গাড়ি ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে না।