প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের তৃতীয় দিনে আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন চলছে। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম বলে বিভিন্ন হাউস সূত্রে জানা গেছে। এরই মধ্যে অনেক বিনিয়োগকারী টেলিফোনে কেনা-বেচা সারছেন বলেও হাউস সূত্রে জানা গেছে।এ ব্যাপারে শাকিল রিজভী স্টক লিমিটেডের জ্যেষ্ঠ ট্রেড কর্মকর্তা মোহাম্মাদ কাওসার আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, হরতালের কারণে তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। তবে স্বাভাবিক লেনদেন চলছে। তিনি আরও জানান, অনেক বিনিয়োগকারী হাউসে আসতে না পেরে টেলিফোনের মাধ্যমে লেনদেন করছেন।কাজী ইকুইটিজ লিমিটেডের অনুমোদিত প্রতিনিধি ওয়াজি উল্লাহ বলেন, হরতালে বিনিয়োগকারীদের উপস্থিতি মোটামুটি ভালো। তবে তাঁদের হাউসে লেনদেনের পরিমাণ তুলনামূলক কিছুটা কম।এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মাদ এ হাফিজ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘হরতালের জন্য অনেক বিনিয়োগকারী হাউসে আসতে পারেননি—এটা ঠিক। তবে বিনিয়োগকারীদের মাঝে আস্থা থাকায় হরতালের প্রভাব খুব বেশি বাজারে নেই। এ ছাড়া এতে ভয়ের কিছুই নাই।’চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এখন ধারণা অনেক পরিবর্তন হয়েছে। সিএসইর সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা অনলাইনেই লেনদেন সারতে পারেন। তাই তাঁদেরকে হাউসেই আসতে হবে এমনটি নয়। আর তাই হরতালের মধ্যে অনেকে হাউসে না এসে অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে কেনা-বেচা সেরে নিচ্ছেন।’এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি সব রাজনৈতিক দলকে সম্মান করি।’ তবে পুঁজিবাজারে হরতালের প্রভাবের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।এদিকে আজ বেলা ১১টায় ডিএসইর সদস্য ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে সব কটি হাউস নির্ধারিত ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করে। এতে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয় বলে জানান ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান। তিনি আরও জানান, ডিএসইতে লেনদেন চালুর জন্য কোরাম পূর্ণ হতে ৭০টি হাউস লগইনের প্রয়োজন হয়।