হাউসগুলোতে লেনদেন ফেলে চলছে খেলা দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের ফাইনাল খেলা দেখতে ব্যস্ত সবাই। রাজধানীর মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতেও পড়েছে এর রেশ। লেনদেন ফেলে রেখে সবাই ব্যস্ত হয়ে পড়েছেন খেলা দেখায়। শুধু বিনিয়োগকারীই নন, হাউসগুলোর কর্মকর্তারাও এখন খেলা দেখায় ব্যস্ত। বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে একই দৃশ্য দেখা যায়।বিভিন্ন হাউস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল খেলা থাকায় সকাল থেকেই বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম লক্ষ করা যায়। যেসব বিনিয়োগকারী হাউসে এসেছেন তাঁরা বেলা দুইটা বাজতেই খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। মাঠে গিয়ে খেলা দেখতে না পারলেও হাউসের বড় টিভি স্ক্রিনে খেলা দেখছেন তাঁরা।রফিকুল ইসলাম নামের এক বিনিয়োগকারী বলেন, ‘আমরা মাঠে খেলা দেখতে পারিনি। তাই হাউসেই খেলা দেখছি। সবাই মিলে খেলা দেখতে আনন্দও বেশ। প্রত্যেক দিন লেনদেন করি, এক দিনই তো খেলা দেখব।’এক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে বলেন, ‘খেলা শুরু হওয়ার পর সবাই এখন খেলা নিয়েই ব্যস্ত। সবাই মিলেই খেলা দেখা হচ্ছে।’ তবে এর মধ্যেও লেনদেন কার্যক্রম চলছে বলে জানান তিনি।রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী বেলা আড়াইটার দিকে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘সকাল থেকেই বিনিয়োগকারীদের উপস্থিতি মোটামুটি ভালো ছিল। তবে খেলা শুরু হওয়ার আগেই উপস্থিতি অনেক কমে গেছে। যাঁরা হাউসে আছেন সবাই খেলা দেখায় ব্যস্ত রয়েছেন।’ তবে এর মধ্যেও ডিএসইতে স্বাভাবিক লেনদেন চলছে বলেও জানান তিনি।