হাঙ্গেরির ব্যবসায়ীদের বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।
দেশটির এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
হাঙ্গেরির বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক স্যানডোর সিপোস হাঙ্গেরির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে ঢাকায় হাঙ্গেরির রাষ্ট্রদূত গিয়ালা পেথো, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফিউল ইসলাম হাঙ্গেরির প্রতিনিধিদলকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আর্থসামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে। তিনি হাঙ্গেরির ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এফবিসিসিআই থেকে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।
হাঙ্গেরির প্রতিনিধিদলের নেতা স্যানডোর সিপোস আশা প্রকাশ করেন, তাঁদের এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হবে। তিনি উল্লেখ করেন, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে হাঙ্গেরির আরও প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে। তিনি কৃষি খাতের প্রযুক্তিবিনিময়, দ্বিপক্ষীয় প্রয়োজনে গবেষণা পরিচালনা এবং প্রয়োজনীয় তথ্যবিনিময়ের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল গত নভেম্বরে হাঙ্গেরি সফর করে। সফরকালে এফবিসিসিআই এবং হাঙ্গেরি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিগত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৬৬ লাখ মার্কিন ডলারের পণ্য হাঙ্গেরিতে রপ্তানি করে এবং হাঙ্গেরি থেকে ৯৬ লাখ ডলারের পণ্য আমদানি করে। হাঙ্গেরিতে বাংলাদেশের রপ্তানি হওয়া পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হোম-টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য। আর হাঙ্গেরি থেকে মূলত রাসায়নিক দ্রব্য ও যন্ত্রপাতি আমদানি করা হয়।