হাজার কোটি টাকা ছাড়াল কর আদায়

আয়কর মেলা থেকে কর আদায় হাজার কোটি টাকা ছাড়াল। প্রথম চার দিনে মোট ১ হাজার ৯৬ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত কর মেলায় এসে করদাতারা এ কর দিয়েছেন।
গতকাল পর্যন্ত কর মেলায় ৭৭ হাজার ১১৮টি রিটার্ন জমা পড়েছে। আর নানা ধরনের সেবা নিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ২৭৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতবার সাত দিনের কর মেলা থেকে ১ হাজার ৬৬০ কোটি টাকা আয়কর পেয়েছিল এনবিআর। এবার প্রথম চার দিনেই দুই-তৃতীয়াংশ কর জমা পড়েছে। করদাতারা মেলায় এসে কর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর মেলায় রয়েছেও আয়কর বিবরণী জমা দেওয়ার সব ধরনের আয়োজন। ফলে আয়কর মেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহও বেড়েছে। ২০১০ সাল থেকে এনবিআর এই আয়কর মেলার আয়োজন করে আসছে।
উল্লেখ্য, ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সাতটি বিভাগীয় শহর সাত দিন, সব জেলায় চার দিন ও ৮৬টি উপজেলায় এক থেকে দুই দিন কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের সবচেয়ে বড় কর মেলা হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। গতকাল সকালের এক পশলা বৃষ্টিতে করদাতাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে গতকাল সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চালু রাখা হয়। দুপুরের পর থেকে করদাতাদের সংখ্যাও বাড়তে থাকে। কেউবা ই-টিআইএন নিয়েছেন, আবার কেউ রিটার্ন দিতে এসেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল মেলায় রাজস্ব আদায় হয়েছে মোট ১৯৩ কোটি টাকা টাকা। এর বিপরীতে আয়কর বিবরণী জমা পড়েছে ২৬ হাজার ৭৯৬টি।