হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন
আবার ঊর্ধ্বমুখী ধারায় দেশের শেয়ারবাজার। গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সূচক। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে। আজ ডিএসইর লেনদেন আবার এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৯৫ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৯৩ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা একটার পর সূচক বাড়ার হার কমতে শুরু করলেও দিন শেষেতা ঊর্ধ্বমুখী থাকে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির দাম বেড়েছে; কমেছে ১০৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ এক হাজার ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯২ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৮৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। আজ প্রতিষ্ঠানটির ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গ্রামীণফোন, বিএসসিসিএল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, আফতাব অটো প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩১৬ পয়েন্টে।সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে; কমেছে ১০৩টির, আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।