হাজার ফুলের মেলা বসছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুল ভালোবাসেন এমন মানুষদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭। বাংলা একাডেমি প্রাঙ্গণে কাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই মেলায় এক হাজারের বেশি ধরনের ফুল প্রদর্শন করা হবে। বাড়ির ছাদে বা অল্প জায়গায় বাগান ও ফুলের তোড়া বানানোর কৌশল শেখাতে কর্মশালাও হবে মেলায়।
এই মেলার আয়োজন করছে ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই)। মেলায় ফুল উৎপাদক ও ব্যবসায়ী, ফুলসংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইআইসিইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজউদ্দিন মোশাররফ। এ সময় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম প্রমুখ।
আগামী শনিবার পর্যন্ত ফুলের এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।