হাজার ফুলের মেলা বৃহস্পতিবার
বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার শুরু হবে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭’। এই প্রদর্শনীতে থাকবে এক হাজারের বেশি ধরনের ফুল। এ ছাড়া বাড়ির ছাদে কিংবা অল্প জায়গায় বাগান ও ফুলের সুন্দর তোড়া বানানোর কৌশল নিয়ে মেলায় থাকবে বিশেষ কর্মশালা।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজের (আইআইসিই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজউদ্দিন মোশাররফ। দ্বিতীয়বারের মতো ঢাকায় তিন দিনব্যাপী এই বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৭ আয়োজন করছে আইআইসিই। এতে সহযোগিতায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও দেশিফুল ডটকম।
সংবাদ সম্মেলনে রিয়াজউদ্দিন মোশাররফ জানান, মেলায় ফুল উৎপাদনকারী ও ব্যবসায়ী, ফুল-সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টি প্রদর্শনী স্টল থাকবে।
এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন বলেন, ‘আমরা ১৭ বছর গবেষণা করে কাঠ ফ্লাওয়ার উদ্ভাবন করেছি। ফুলটির নাম আমরা দিয়েছি নন্দিনী। ৪০ থেকে ৪৫ রঙের হয় এই ফুল। এটির অনেক চারা মেলায় আগত ব্যক্তিদের বিনা মূল্যে দেওয়া হবে।’
আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির আবদুর রহিম, সহসভাপতি এ আর বাচ্চু খাঁ, যশোরের ফুল ব্যবসায়ী আছমা খাতুন, হাফিজা খাতুন, তানজিলা বেগম প্রমুখ।
আয়োজকেরা জানান, বৃহস্পতিবার সকালে মেলা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেলে। সেদিন রাতে ফ্যাশন শো ও কনসার্টের আয়োজন থাকবে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ কোনো ধরনের ফি বা টিকিট লাগবে না। শিশুদের জন্য মেলাস্থলে ‘সিসিমপুর পাপেট’ আয়োজন থাকবে।