হাজারীবাগ থেকে সাভার কত দূর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগে একটি কারখানায় কাজ করছেন শ্রমিক
হাজারীবাগে একটি কারখানায় কাজ করছেন শ্রমিক

প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল ২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক)। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৫ সালে। কিন্তু নির্ধারিত সময়ে তা শেষ হয়নি।
এরপর প্রকল্প সংশোধন করে মেয়াদ বাড়ানো হয় ২০১০ সাল পর্যন্ত। ওই সময়েও কাজ শেষ হয়নি। আবারও মেয়াদ বাড়ানো হয় ২০১২ সাল পর্যন্ত। সে দফায়ও প্রকল্পটি শেষ হয়নি। এরপর আবার প্রকল্পটি সংশোধন করা হয়েছে।
এটি সাভারে বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগর প্রকল্পের বাস্তবায়নের চিত্র। প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের, বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)।
বিসিকের সঙ্গে ট্যানারি মালিকদের দুই সংগঠনের মধ্যে গত ১৩ অক্টোবর এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ঘোষণা দেন, ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো স্থানান্তর হবে।
কিন্তু ট্যানারি মালিকেরা বলছেন, হাজারীবাগ থেকে সবগুলো ট্যানারি স্থানান্তর শেষ করতে ২০১৫ সালের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত লেগে যেতে পারে।
সাভারের হেমায়েতপুরে ২০০ একর জায়গাজুড়ে চামড়া শিল্পনগর গড়ে তোলা হয়েছে। শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করা হবে। ইতিমধ্যে সিইটিপি ছাড়া সব অবকাঠামো প্রস্তুত হয়েছে।
এ বছরের ১৩ আগস্ট একনেক সভায় দ্বিতীয় দফায় চামড়া শিল্পনগর প্রকল্পের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এখন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এক হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে ২৫০ কোটি টাকা ট্যানারি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাকি টাকার মধ্যে ৬৬৩ কোটি ৪০ লাখ সরকার দেবে এবং ১৬৫ কোটি ৬০ লাখ টাকা সরকার ঋণ হিসেবে দেবে। এই ঋণটাই শুধু ট্যানারি মালিকদের পরিশোধ করতে হবে।
২০১৪ সালে স্থানান্তর কি সম্ভব: ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে ট্যানারিগুলো স্থানান্তর পরিকল্পনার উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে। ৩১ অক্টোবরের মধ্যে ট্যানারিগুলোর লে-আউট পরিকল্পনা বিসিকে জমা দিতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে তা ফেরত দেওয়া হবে। এরপর আগামী ৩১ আগস্টের মধ্যে কারখানা নির্মাণ এবং ১৫ নভেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর শেষ করা। ৩০ ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যেতে হবে।
এই প্রক্রিয়ায় ট্যানারি স্থানান্তর সম্ভব কি না, জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখন কারখানা লে-আউটের কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরে ট্যানারি স্থানান্তর শুরু হতে পারে। একটি কারখানা ভবন তৈরি থেকে শুরু করে যন্ত্রপাতি স্থাপনসহ সমস্ত কাজ শেষ করতে দেড় থেকে দুই বছর লাগে। ফলে ২০১৫ সালের পুরোটা সময় লেগে যেতে পারে।’
বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াজাত পণ্য এবং পাদুকা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সদ্যবিদায়ী সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটা শিল্প খাত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা সহজ কাজ না। ২০১৪ সালের জানুয়ারিতেও যদি সাভারে কারখানা তৈরির কাজ শুরু করি, তাহলেও ২০১৫ সালের মাঝামারি সময়ের আগে হাজারীবাগের সব ট্যানারি স্থানান্তর করা সম্ভব হবে না।’
ট্যানারি মালিকেরা বলছেন, ট্যানারিগুলোতে তিনটি ইউনিটে কাজ হয়। এগুলো হলো, কাঁচা চামড়া থেকে হোয়াইট ব্লু চামড়া তৈরি; ক্রাস্ট এবং তৃতীয়ত ফিনিশড। সাভারে কারখানা তৈরি শুরু হলে ধাপে ধাপে এসব ইউনিট সেখানে স্থানান্তর করা হবে।
চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক আনিস উল হক ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কখন, কীভাবে ট্যানারিগুলো স্থানান্তর হবে, সেসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে। ওই স্মারকে ট্যানারি মালিকেরা সই করেছেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করার কোনো সুযোগ নেই।’
২০১৪ সালের মধ্যে পরিবেশসম্মতভাবে চামড়াজাত পণ্য তৈরির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চাপ রয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন বলেন, ‘আমরা তো কাজ শুরু করছি। আশা করি, তারা আরও এক বছর সময় দেবে।’
সিইটিপি নির্মাণই হয়নি: চীনা প্রতিষ্ঠান জেএলইপিসিএ-ডিসিএল জেভিকে ২০১২ সালের ১১ মার্চ সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। শর্ত ছিল ১৮ মাসে (এ বছরের সেপ্টেম্বর মাসে) এর কাজ শেষ করতে হবে। কিন্তু কাজ হয়েছে খুবই সামান্য।

হাজারীবাগে একটি কারখানায় চামড়া প্রক্রিয়াকরণের কাজ করছেন শ্রমিকেরা
হাজারীবাগে একটি কারখানায় চামড়া প্রক্রিয়াকরণের কাজ করছেন শ্রমিকেরা

প্রকল্প পরিচালক আনিস উল হক ভুঁইয়া বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় তাদের আরও তিন মাস ১৮ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আদৌ কি শেষ হবে?—জানতে চাইলে তিনি বলেন, ‘১৮ মাসের কাজটি কী সাড়ে তিন মাসে শেষ হয়? আরও সময় দিতে হবে।’
ক্ষতিপূরণ ইস্যুর মীমাংসা: ক্ষতিপূরণের বিষয়টি মীমাংসা না হওয়ায় এত দিন ট্যানারি মালিকেরা সাভারে ট্যানারি স্থানান্তরে আগ্রহী ছিলেন না। সংশোধিত ডিপিপিতে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত করা হয়।
এরই মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে অতিরিক্ত শিল্পসচিব জয়নাল আবেদীন ভুঁইয়ার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে নীতিমালা তৈরির জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম-প্রধানের নেতৃত্বে আরেকটি কমিটিও করা হয়েছে। এ নীতিমালার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে।