
রাজধানীর হাজারীবাগ ছেড়ে সাভারে চামড়া শিল্পনগরে যাওয়ার আরেকটি সময়সীমা শেষ হলো। তবে বেশির ভাগ ট্যানারি এখনো হাজারীবাগ ছাড়তে পারেনি। সর্বশেষ হিসাবে মাত্র ৪৩টি ট্যানারি সাভারে তাদের চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম অংশ ওয়েট ব্লুর কাজ শুরু করতে পেরেছে। অথচ হাজারীবাগের ১৫৪টি ট্যানারি সাভারে জমি পেয়েছে।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গত ১ জানুয়ারি ট্যানারি-মালিকদের দুটি সমিতির সঙ্গে বৈঠক করে তাদের কারখানার ওয়েট ব্লু অংশ সাভারে নেওয়ার জন্য ৩১ জানুয়ারি সময় বেঁধে দেন। আর পুরো ট্যানারি সরানোর জন্য মার্চ পর্যন্ত সময় দেন তিনি। এতে গতকাল মঙ্গলবার ছিল ওয়েট ব্লু অংশ সরানোর শেষ সময়।
ট্যানারিগুলো হাজারীবাগ ছাড়তে না পারলেও মালিকদের দুই সমিতি জানিয়েছে, আজ বুধবার থেকে হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না। এটি তারা তাদের সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছে। অন্যদিকে শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি পুলিশকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার রাতে শিল্পসচিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। তবে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, থানায় একটি চিঠি এসেছে। তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনার পর থানা থেকে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশদূষণের কারণে হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সাভারে নিতে ২০০৩ সালে চামড়া শিল্পনগর প্রকল্প নেয় সরকার। এখনো সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। বহু দফা সময় বেঁধে দিয়ে ট্যানারি সাভারে নেওয়া যায়নি।
গত অক্টোবর মাসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি-মালিকদের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, এরপর হাজারীবাগ না ছাড়লে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মালিকেরা এ সময়সীমা না মানার পর শিল্পসচিব তাঁদের এক মাস সময় বাড়িয়ে দিয়েছিলেন। চামড়া শিল্পনগর প্রকল্প কার্যালয় গত সোমবার জানায়, সাভারে ওয়েট ব্লু করার জন্য মোট ৫২টি ট্যানারি ড্রাম স্থাপন করতে পেরেছে। এর মধ্যে ৪৩টি উৎপাদন শুরু করেছে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গতকাল রাতে বলেন, ‘সরকারের সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা সদস্যদের জানিয়ে দিয়েছি, হাজারীবাগে আর কাঁচা চামড়া ঢুকবে না। কেউ এরপরও কাঁচা চামড়া হাজারীবাগে নিলে সমিতি তাঁর প্রতি বিমুখ থাকবে।’
একই কথা জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। তিনি বলেন, হাজারীবাগে আর ওয়েট ব্লু করা যাবে না।