হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকছে

ট্যানারি সরানোর সময়সীমা আরেক দফা পেরিয়ে গেলেও রাজধানীর হাজারীবাগের চিত্র পাল্টায়নি। আগের মতোই সেখানে কাঁচা চামড়া ঢুকছে, ট্যানারিগুলোতে সেই চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে। হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে বাধা দেওয়ার জন্য কোনো পুলিশি পাহারাও নেই।
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গত ১ জানুয়ারি ট্যানারি-মালিকদের দুটি সমিতির সঙ্গে বৈঠক করে তাঁদের কারখানার ওয়েট ব্লু অংশ সাভারে নেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন। আর পুরো ট্যানারি সরানোর জন্য সময় দেওয়া হয় মার্চ পর্যন্ত।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা তাঁদের দুই সমিতির সদস্যদের চিঠি দিয়ে হাজারীবাগে চামড়া নিতে নিষেধ করেছেন। তাঁদের সিদ্ধান্ত হলো, আর কেউ হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু করবে না।
কিন্তু গতকাল বুধবার দিনভর হাজারীবাগ ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। বেশ কিছু ট্যানারিতে কাঁচা চামড়া স্তূপ করে রাখা হয়েছে। বেশির ভাগ ট্যানারিতে ওয়েট ব্লুর কাজ চলছে। ফলে কারখানা থেকে বের হওয়া বর্জ্য আগের মতোই নর্দমার মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ছে।
তবে সব ট্যানারিই যে উৎপাদনে ছিল তা নয়। বেশ কিছু ট্যানারি সাভারে তাদের উৎপাদন শুরু করেছে। এ জন্য হাজারীবাগে কাঁচা চামড়া নিতে কর্মীদের নিষেধ করেছেন মালিকেরা। আবার কিছু ট্যানারি যন্ত্রপাতি খুলে নিয়েছে।
হাজারীবাগের লুনা ট্যানারি গতকাল তাদের কারখানায় কাঁচা চামড়া নিয়েছে। শাহজালাল লেদার কমপ্লেক্স, ইস্ট এশিয়া ট্যানারি, রয়েল ট্যানারি, টিপেরা ট্যানারি, এমআই ট্যানারিসহ বেশ কিছু ট্যানারিতে কাঁচা চামড়া স্তূপ করে রাখতে দেখা গেছে। বড় কয়েকটি ট্যানারির নিরাপত্তাকর্মীরা ভেতরে ঢুকতে দেননি। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ট্যানারিগুলোতে ওয়েট ব্লুর কাজ চলছে। পাশাপাশি যে বর্জ্যের জন্য হাজারীবাগ থেকে ট্যানারি সরানো, সেই বর্জ্যই বের হচ্ছে বেশির ভাগ ট্যানারি থেকে।
মহিউদ্দিন আহমেদ গতকাল বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা হাজারীবাগ থানায় পৌঁছায়নি। বৃহস্পতিবার থেকে কাঁচা চামড়ার প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ট্যানারিগুলোতে হয়তো কিছু চামড়া আছে। এগুলো ৩১ জানুয়ারির মধ্যে আনা। এসব চামড়া প্রক্রিয়াজাত করতে কয়েক দিন সময় লাগবে। এরপর আর হাজারীবাগে ওয়েট ব্লু হবে না।
লুনা ট্যানারিতে চামড়া ঢোকানোর বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিটিএর সভাপতি শাহীন আহমেদ বলেন, ওই ট্যানারিটি সাভারে জমি পায়নি।
২০০৩ সাল থেকে সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে ১৯৯ একর জমিতে চামড়া শিল্পনগর প্রকল্প বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়। চামড়া শিল্পনগর কার্যালয়ের সর্বশেষ হিসাবে মাত্র ৪৩টি ট্যানারি সাভারে তাদের চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম অংশ ওয়েট ব্লুর কাজ শুরু করতে পেরেছে। আর ৫২টি ট্যানারি ওয়েট ব্লু করার জন্য ড্রাম স্থাপন করতে পেরেছে। যদিও হাজারীবাগের ১৫৪টি ট্যানারি সাভারে জমি পেয়েছে।
বিটিএর সভাপতি শাহীন আহমেদ আরও বলেন, সরকার সাভারে বরাদ্দ দেওয়া জমির মালিকানা বুঝিয়ে দিলে ট্যানারিগুলো ব্যাংকঋণ নিতে পারত। এতে দ্রুত হাজারীবাগ ছাড়া সহজ হতো।