হাজারীবাগের চামড়াশিল্প শিগগিরই সাভারে স্থানান্তর হচ্ছে না: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ঢাকার হাজারীবাগের চামড়াশিল্প শিগগিরই সাভারে স্থানান্তরিত হচ্ছে না।মন্ত্রী জানান, প্রকল্পের কাজ শেষ না হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা থেকে চামড়াশিল্প সাভারে স্থানান্তর করা সম্ভব নয়। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারসহ (সিইটিপি) অবকাঠামো নির্মাণের কাজ শেষ হতে আরও অন্তত দুই বছর লাগবে।হাইকোর্টে সময় বাড়ানোর আবেদন জানাতে আইনজীবী নিয়োগ করা হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে ঢাকা থেকে চামড়াশিল্প সাভারে স্থানান্তর করা হবে। তিনি বিশ্ববাজারের বাস্তবতার প্রেক্ষাপটে আর কোনো ধরনের শর্তারোপ না করে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তর শুরু করতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান।ঢাকার অদূরে সাভারে স্থাপিত ঢাকা চামড়াশিল্প নগর পরিদর্শনে এসে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান শিল্পমন্ত্রী। শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাংসদ এ কে এম রহমত উল্লাহ।এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চামড়াশিল্পের উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম আনসারী, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক আবদুল হাই, সাভার উপজেলার চেয়ারম্যান ফিরোজ কবীর, বিসিকের পরিচালক (প্রকল্প) মো. শাহজাহান আলী সরদার এবং চামড়াশিল্প নগর ঢাকা প্রকল্পের পরিচালক শহিদুল হক বক্তব্য দেন।এদিকে বংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঢাকা শহরকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য বিসিক ২০০৩ সালে সাভারের কান্দিবৈলারপুর ও চন্দ্রনারায়ণপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে ২০০ একর জমির ওপর পরিবেশবান্ধব চামড়াশিল্প নগর স্থাপনের উদ্যোগ নেয়। প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী জুন মাসে।প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধে ওই শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণসহ কেন্দ্রীয় পানি শোধনাগার ও সরবরাহের ব্যবস্থা থাকার কথা। এ ছাড়া অভ্যন্তরীণ রাস্তা, নালা ও কালভার্ট নির্মাণ, বিদ্যুত্, পানি ও গ্যাস সরবরাহ, পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপন এবং ব্যাংকসহ আনুষঙ্গিক সুবিধা থাকবে। ইতিমধ্যে ডাম্পিং ইয়ার্ড, নালা ও কালভার্টসহ সামান্য কিছু অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলেও বর্জ্য পরিশোধনাগারসহ প্রকল্পের অনেক কাজই বাকি রয়ে গেছে। বিসিক সূত্র জানায়, একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার হাজারীবাগসহ ঢাকা শহরে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা চামড়াশিল্প সাভারে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু সিইটিপিসহ অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন না হওয়ায় ওই সময়ের মধ্যে ঢাকা শহর থেকে চামড়াশিল্প সাভারে স্থানান্তর করা সম্ভব নয়।সূত্র আরও জানায়, প্রকল্প এলাকায় বিভিন্ন আকারের ২০৫টি চামড়া ও চামড়াজাত শিল্প-কারখানা স্থাপিত হবে। ইতিমধ্যে ১৫৪টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪৪টি প্রতিষ্ঠানকে প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে।