হাজারীবাগের ট্যানারি এ বছর সাভারে স্থানান্তর হবে তো?
২০১৪ সালের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর হওয়ার কথা থাকলেও শিল্পনগরটির মূল অনুষঙ্গ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ শেষই হবে ২০১৫ সালের জুনে।
চামড়া শিল্পনগর নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সিইটিপির ঠিকাদারি প্রতিষ্ঠান যেমন বিষয়টি স্বীকার করেছে, তেমনি স্বীকার করেছেন শিল্পমন্ত্রীও। তবু তাদের আশা, ২০১৪ সালের ডিসেম্বরে সব ট্যানারি সাভারে স্থানান্তর হবে। কিন্তু কীভাবে তা সম্ভব হবে সে বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারেনি কোনো কর্তৃপক্ষ।
রাজধানীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবন মিলনায়তনে গতকাল রোববার যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস, ফুটওয়্যার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), এশিয়া ফাউন্ডেশন এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
বৈঠকে উপস্থিত সব পক্ষের কর্মকর্তারাই বলেছেন, দেশীয় চামড়া খাতের রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উপায়ে এসব পণ্য উৎপাদন করতেই হবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে দিয়েছে, এ বছরের মধ্যে পরিবেশবান্ধব উপায়ে পণ্য উৎপাদন না করতে পারলে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আর চামড়াজাত পণ্য কিনবে না। সে কারণে পরিবেশবান্ধব উপায়ে চামড়াজাত পণ্য উৎপাদনই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সিইটিপি স্থাপন।
তবে ২০১৪ সালের মধ্যে সিইটিপি হওয়ার যে কোনো সম্ভাবনা নেই তা উঠে এসেছে শিল্পমন্ত্রীর বক্তব্যেও। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইটিপির নকশা অনুমোদন সাপেক্ষে ৬ মার্চ তাদের কাজের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সিইটিপির নির্মাণ শেষ হয়নি। এখন সিইটিপি নির্মাণ দ্রুতগতিতে চলছে। তবে সিইটিপি ও আনুষঙ্গিক স্থাপনার নির্মাণকাজ শেষ করতে আরও ১৫ মাসের মতো সময় লাগতে পারে।
এ বিষয়ে দ্বিমত করেননি সিইটিপির নির্মাতা প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভির প্রতিনিধি আশিকুর রহমানও। তিনি জানান, মার্চে তাঁরা আবার কাজ শুরু করেছেন। আগামী বছরের মার্চ নাগাদ সিইটিপির নির্মাণ হয়ে যাবে। আর সে বছরের জুন থেকে সিইটিপিতে বর্জ্য শোধন শুরু হতে পারে।
তবে সাভারে ট্যানারি স্থানান্তরের ওপর জোর দিচ্ছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী বলেন, যথাসময়ে ট্যানারিগুলো শিল্পনগরে স্থানান্তর করা না হলে সিইটিপি নির্মাণের পরও প্রয়োজনীয় বর্জ্যের অভাবে এর কার্যকারিতা পরীক্ষা করা সম্ভব হবে না।
এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ আল মুতী বলেন, সিইটিপির নির্মাণ ও শিল্পনগরে কারখানা স্থাপন একই সঙ্গে চলতে হবে যেন সিইটিপি হওয়ার পরপরই উৎপাদন শুরু হতে পারে।
বিএফএলএলএফইএর সাবেক সভাপতি টিপু সুলতান বলেন, ‘আমি ইতালিতে ১৫ হাজার বর্গফুট চামড়া রপ্তানির একটি কার্যাদেশ পেয়েছিলাম। শেষ মুহূর্তে তারা কার্যাদেশটি বাতিল করে দেয়। তারা বলেছে, এটা পরিবেশসম্মতভাবে উৎপাদিত হয়নি।’
চামড়া শিল্পনগরে ১৫৫টি ট্যানারিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ১২৭টি ট্যানারির মালিক তাঁদের কারখানা স্থাপনের লে-আউট পরিকল্পনা অনুমোদনের জন্য বিসিকে জমা দিয়েছে। ৬৫টি প্রতিষ্ঠানের পরিকল্পনা বিসিক অনুমোদন করেছে। বাকি পরিকল্পনাগুলোর অনুমোদন দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
বিটিএর সভাপতি শাহীন আহমেদ বলেন, সাভারে ট্যানারি স্থানান্তরে অর্থই এখন সমস্যা। এ জন্য অন্তত চার থেকে পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন। বিএফএলএলএফইএর সভাপতি আবু তাহের ট্যানারি মালিকদের কম সুদে ঋণ দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ২৩ হাজার কোটি ডলারের। বাংলাদেশ রপ্তানি করে মাত্র ১০০ কোটি ডলারের পণ্য। আগামী ১০ বছরের মধ্যে রপ্তানি ৭০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।