রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলো বন্ধ করে এলে বকেয়া জরিমানা আদায়ের বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন আপিল বিভাগ। ট্যানারির মালিকদের উদ্দেশে সর্বোচ্চ আদালত বলেছেন, ‘আপনারা ক্লোজ ডাউন (বন্ধ) করে আসুন, আমরা দেখব।’
পরিবেশের ক্ষতিপূরণবাবদ ১০ হাজার টাকা করে প্রতিদিন জরিমানা দিতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) ও বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ট্যানারির মালিকদের সংগঠনের করা আবেদন (লিভ টু আপিল) শুনানিকালে আদালত এ কথা বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল পর্যন্ত আবেদনের শুনানি মুলতবি করেছেন।
আদালতে ট্যানারির মালিকদের করা দুই আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমীর-উল ইসলাম, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
৬ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ হাজারীবাগে থাকা চলমান সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করতে এবং আইন অনুসারে এসব কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগসহ সেবা বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৬ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়। এই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়, যা ১২ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়। ৬ মার্চের আদেশ সংশোধন চেয়ে ঈদুল আজহা পর্যন্ত হাজারীবাগে কার্যক্রম চলানোর অনুমতি চেয়ে হাইকোর্টে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বিএফএলএলএফইএর আবেদনও বুধবার খারিজ হয়।
গত বছরের জুনে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি কারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে ট্যানারির মালিকদের সংগঠন আপিল বিভাগে যায়। আপিল বিভাগ ক্ষতিপূরণের হার কমিয়ে দৈনিক ১০ হাজার টাকা করে দিতে বলেন। এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত বছর আবেদন করে ট্যানারির মালিকদের সংগঠন। আর ক্ষতিপূরণ আদায়ের ওই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না জানিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মার্চ এক আদেশে হাইকোর্ট ১৫৪ কারাখানাকে দুই সপ্তাহের মধ্যে বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে ট্যানারির মালিকদের সংগঠন। গতকাল লিভ টু আপিল ও রিভিউ আবেদন শুনানির জন্য ওঠে।
এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংযোগ বন্ধে অভিযান চালাবে। ট্যানারির মালিকেরাও গতকাল দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এক বৈঠক শেষে গতকাল রাতে বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ট্যানারি বন্ধ করে দিলে যে বিপর্যয় নেমে আসবে, আমরা তা থেকে বের হওয়ার পথ খুঁজছি। সাভারে আমরা ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি। এখন যে এ ব্যবসা থেকে বেরিয়ে যাব, সে উপায়ও নেই।’ তিনি অভিযোগ করেন, ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আদালতে তাদের প্রস্তুতি নিয়ে সঠিক তথ্য দেয়নি। এ কারণে ট্যানারির মালিকেরা কাল শনিবার বিসিকের বিরুদ্ধে হাজারীবাগে একটি মানববন্ধন করবেন। আগামী রোববার একটি সংবাদ সম্মেলনও করবেন তাঁরা।
হাজারীবাগের ট্যানারিগুলোর ওপর পরিবেশদূষণের দায় ওঠে ১৯৮৬ সালে। ওই বছর সরকার ১৭৬ ট্যানারিসহ ৯০৩টি কারখানাকে দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ২০০৩ সালে সরকার সাভারে চামড়া শিল্পনগর গড়ে তোলার প্রকল্প নেয়, যার ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে প্রায় ২০০ একর জমিতে গড়ে তোলা চামড়া শিল্পনগরে ১৫৪টি ট্যানারি সরিয়ে নেওয়া হবে। সাভারে এখন পর্যন্ত ৪৫টি ট্যানারি উৎপাদন শুরু করতে পেরেছে। অবশ্য এ উৎপাদন মানে হলো চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু করা। গুটিকয়েক বাদে বাকি ট্যানারির মালিকেরা সাভারে চামড়া প্রক্রিয়াজাতকরণের বাকি দুই ধাপ ক্রাস্ট ও ফিনিশড অংশের কাজ এগিয়ে নিতে পারেননি।
তিন দশক ধরে চেষ্টা
১৯৮৬
১৭৬ ট্যানারিকে দূষণরোধে
ব্যবস্থার নির্দেশ সরকারের
২০০৩
সাভারে চামড়া শিল্পনগর প্রকল্প শুরু
২০০৮
২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে সরানোর ঘোষণা
২০১০
হাইকোর্টে ২ বছর সময় বৃদ্ধির আবেদন করে সরকার
২০১১
পরিবেশমন্ত্রী সংসদে জানান, ট্যানারি সরবে ২০১২ সালে
২০১৬
১০ জানুয়ারি: ৭২ ঘন্টা সময় বেঁধে দেন শিল্পমন্ত্রী
১৮ জুলাই: দিনে ১০ হাজার টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট
২০১৭
১ জানুয়ারি: আরও এক মাস সময় বাড়িয়ে দেয় শিল্প মন্ত্রণালয়
৬ মার্চ: বন্ধের নির্দেশ হাইকোর্টের
২৯ মার্চ: সময় বৃদ্ধির আবেদন আপিল বিভাগে খারিজ
সূত্র: প্রথম আলো ও বুড়িগঙ্গা রিভারকিপার