হাতঘড়ি আমদানিনির্ভর হলেও দেয়ালঘড়ি এখন দেশীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের জৌলুসের কাছে হাতঘড়ির প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে—এ ধারণার সঙ্গে ব্যবসায়ীরা কিন্তু একমত নন। তাঁরা বরং বলছেন, ঘড়ির চাহিদা বাড়ছে। বাজার বড় হচ্ছে। বর্তমানে মাসে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ পিস হাতঘড়ি আমদানি তারই প্রমাণ। একাধিক ব্যবসায়ীর মতে, মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে ঘড়ির চাহিদা বাড়ছে। মুঠোফোনের নেতিবাচক প্রভাব শহরাঞ্চলে কিছুটা পড়লেও গ্রামাঞ্চলের মানুষের কাছে ঘড়ি এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য। আর তাই ১০ বছর আগেও মাত্র চার-পাঁচজন ব্যবসায়ী ঘড়ি আমদানি করতেন। এখন এ সংখ্যা ১০০।সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, হাতঘড়ির চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। তবে দেয়ালঘড়ি তৈরির কিছু প্রতিষ্ঠান দেশে গড়ে উঠেছে। সরকারের নীতিসহায়তা পেলে যন্ত্রাংশ আমদানি করে তা দেশে সংযোজন করে বৃহৎ পরিসরে ঘড়ি প্রস্তুত করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। এতে রপ্তানিমুখী খাত হিসেবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে—দাবি ব্যবসায়ী নেতাদের। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে সারা দেশে ছোট-বড় প্রায় ছয় হাজার ঘড়ি ব্যবসায়ী আছেন। তবে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সদস্যসংখ্যা সাড়ে ছয় শ। এর মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান আছে শতাধিক। তবে আমদানিনির্ভর হাতঘড়ির প্রায় ৯৫ শতাংশই আসে চীন থেকে। নিত্যনতুন ডিজাইন ও তুলনামূলক কম দামই এর মূল কারণ।অন্যদিকে চীন থেকে মুভমেন্ট যন্ত্র আমদানি করে দেশেই দেয়ালঘড়ি প্রস্তুত করছে সিটিসান, সিটিকিং, ব্লুস্কাই, নিউ অজন্তাসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানই দেশে দেয়ালঘড়ির চাহিদার প্রায় ৯০ শতাংশ পূরণ করে থাকে। পুরান ঢাকার পাটুয়াটুলী হাতঘড়ি ও দেয়ালঘড়ি—উভয় ঘড়ির বড় পাইকারি ও খুচরা বাজার। সড়কটির দুই পাশে কেবল সাড়ে পাঁচ শ দোকান আছে। এখান থেকেই মূলত সারা দেশের খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান। একাধিক ব্যবসায়ী জানান, প্রযুক্তি ও দক্ষ জনবল না থাকায় হাতঘড়ি উৎপাদন সম্ভব হচ্ছে না। তবে দেশে বেশ কয়েক বছর ধরে দেয়ালঘড়ি প্রস্তুত হচ্ছে। এর পরিসর আরও বড় করা সম্ভব। দেশে তৈরি দেয়ালঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান শুধু মুভমেন্ট যন্ত্র ও কাঁচামাল আমদানি করে। বাকিটা তাঁরা নিজেরাই প্রস্তুত করে। দেয়ালঘড়ি প্রস্তুতকারকদের আরও অভিযোগ, দেশে প্রস্তুত কিংবা সংযোজন করা এসব পণ্য রপ্তানি করতে হলে আবার ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। এ জন্য অল্প কিছু পণ্য রপ্তানি করলেও পরিসর বাড়াতে পারছে না প্রতিষ্ঠানগুলো। অনেক ক্ষেত্রে লাগেজ পার্টি কিংবা অবৈধপথে রপ্তানি করছে কেউ কেউ। এতে রাজস্ব আদায়ের দিক দিয়ে সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।এক অনুমিত হিসাবে, ঘড়ির চাহিদার প্রায় ৭০ শতাংশই হাতঘড়ি। বাকিটা দেয়ালঘড়ি। এ ছাড়া খুব সামান্য পরিমাণে টেবিলঘড়িও তৈরি হয়।