হাতবদল হলেই সবজির দাম দ্বিগুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার বৃহৎ​ মোকাম মহাস্থান হাটে কৃষকদের নিয়ে আসা সবজি সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
বগুড়ার বৃহৎ​ মোকাম মহাস্থান হাটে কৃষকদের নিয়ে আসা সবজি সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

বগুড়ায় সবজির বৃহৎ পাইকারি মোকাম মহাস্থানহাটে এখন প্রতি কেজি ফুলকপি বিক্রি করে কৃষকেরা পাচ্ছেন ৩৫ টাকা (প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা)। অথচ সেখান থেকে ১২ কিলোমিটার দূরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে সাধারণ ক্রেতাদের প্রতি কেজি ফুলকপি কিনতে হয় ৭০ টাকায়। শহরের বকশীবাজার ও কলোনি বাজারে তো দাম আরও ১০ টাকা বেশি।

একইভাবে মহাস্থানহাটে কৃষকেরা যেখানে এক কেজি বেগুন বিক্রি করেন ২৭ টাকা ৫০ পয়সা (প্রতি মণ ১ হাজার ১০০ টাকা) দরে, সেখানে তা জেলা শহরের বড় তিনটি কাঁচাবাজারে এক লাফে উঠে যায় ৬০ থেকে ৭০ টাকায়।

গতকাল বুধবার পাইকারি মোকাম থেকে খুচরা বাজারে শীতকালীন অন্যান্য সবজির দামেও বড় পার্থক্যের চিত্রই মিলেছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারভরা সবজি থাকলেও মাস খানেক ধরেই দামটা বেশি।

অথচ খুচরা ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে কৃষকের খেতে সবজির ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম বেশি।

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, ‘মহাস্থানহাটে ৭০০ টাকা মণ দরে মুলা বেঁচনো। হামাকেরে কাচ থ্যাকে এই মুলা কিনে বগুড়াত লিয়ে য্যায়া ব্যাপারীরা ডাবল দামে বেচিচ্চে।’

এ প্রসঙ্গে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির (রবিশস্য) কোনো ক্ষতি হয়নি। বাজারেও সবজির কোনো ঘাটতি নেই। গোটা জেলায় এবার তিন হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে।

মহাস্থান কাঁচা-পাকা মাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামও প্রথম আলোরকাছে অভিযোগ করে বলেন, সারা বছরই মহাস্থান বাজারের চেয়ে বগুড়া শহরের বাজারগুলোয় দ্বিগুণ দামে সবজি বিক্রি করা হয়। তিনি আরও বলেন, মহাস্থানহাট থেকে বগুড়া শহর পর্যন্ত ১২ কিলোমিটারে প্রতি কেজি সবজি পরিবহনে সর্বোচ্চ এক টাকা খরচ হয়। এর সঙ্গে খুচরা বিক্রেতাদের অন্যান্য খরচ ও লাভের হিসাব যোগ করলেও প্রতি কেজিতে দামের পার্থক্য ১০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ সেখানকার পাইকার ও খুচরা ব্যবসায়ীরা যোগসাজশ করে প্রতি কেজিতে দ্বিগুণ মুনাফা লুটছেন। সরকারিভাবে সবজির বাজার তদারকি না থাকায় এমন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পাইকারি বাজার: মহাস্থান মোকামে গতকাল প্রতি কেজি ফুলকপি ৩৫ টাকা, বাঁধাকপি ১৮টাকা,হাইব্রিড মুলা সাড়ে ১৭ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৪০ টাকা, শসা ২২ টাকা, পটোল ৩২ টাকা, করলা ৩৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ১২ টাকা, বরবটি ৩০ টাকা, চিচিঙ্গা ২৮ টাকা, কচুমুখী ২০ টাকা এবং প্রতিটি জালি কুমড়া ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।

শিবগঞ্জ উপজেলার পাড়আঁচলাই গ্রামের কৃষক মাহবুবুর রহমান বলেন, তিনি মহাস্থানহাটে সোয়া মণ করলা এনে প্রতি মণ এক হাজার টাকা দরে এবং একই গ্রামের নুর আলম ৩৫ টাকা কেজি দরে আড়াই মণ ফুলকপি ও ২২ টাকা কেজিতে দেড় মণ বাঁধাকপি বিক্রি করেছেন। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক আবু তাহের দুই মণ চিচিঙ্গা এনে প্রতি মণ ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করেছেন।

খুচরা বাজার: বগুড়া শহরের ফতেহ আলী বাজারে গতকাল প্রতি কেজি লম্বা বেগুন ৬০, গোল বেগুন ৮০, কাঁচা মরিচ ১২০, কচুমুখী ৪০, মিষ্টি কুমড়া ৪০, ওলকচু ৪০ টাকা, ফুলকপি ৬০, বাঁধাকপি ৪০, করলা ৮০, পটোল ৪০, শিম ১৪০, ঝিঙে ৪৮, ঢ্যাঁড়স ৬০, বরবটি ৮০, পেঁপে ৩০, কাঁকরোল ৫০ এবং দেশি শসা ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। শহরের বকশীবাজার ও কলোনি বাজারে সবজির দাম আরও বেশি।