হাতিয়ার ক্ষুদ্র ও মাঝারি কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক মালিকেরা আরেক দফা নিজেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিতে চান। সে জন্য শ্রমিকদের প্রস্তাবিত ন্যূনতম মজুরিকে মেনে নিতে উৎসে কর হ্রাসসহ তিন দাবি করছে মালিকপক্ষ। আর এই দাবি আদায়ে ক্ষুদ্র ও মাঝারি কারখানাকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে তারা। সে জন্য মালিকদের সংগঠন বিজিএমইএ ইতিমধ্যে সাড়ে চার শ ক্ষুদ্র ও মাঝারি আকারের কারখানা মালিকদের কাছ থেকে লিখিত আবেদন নিয়েছে। এতে বলা আছে, প্রস্তাবিত মজুরি দেওয়ার মতো সক্ষমতা তাদের নেই। আর যদি জোর করে ওই মজুরি চাপিয়ে দেওয়া হয় তবে মালিকেরা কারখানা বন্ধ করে দেবেন। আর সে কারণেই তাঁরা একটি ব্যবসা থেকে প্রস্থান নীতিমালা (এক্সিট পলিসি) চান।
এক মাসের মজুরি দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া যাবে—প্রস্থান নীতিমালায় এমন সুবিধাই চায় সমিতি। তা ছাড়া বিপুল পরিমাণের ব্যাংকঋণের দায়মুক্তিও চায় তারা। বিষয়টি নিয়ে গত সোমবার শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রস্তাবিত মজুরি মানতে ক্ষুদ্র ও মাঝারি কারখানার লিখিত অপারগতা দেখিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায়ে চেষ্টা করবে বিজিএমইএ। এসব কারখানায় কয়েক লাখ শ্রমিক কাজ করেন। ফলে কোনো কারণে কারখানাগুলো বন্ধ হয়ে গেলে শিল্পে অস্থিরতা দেখা দিতে পারে।
গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া মজুরি প্রস্তাব ঘোষণা করে। পরদিন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করে মালিকপক্ষ।
তবে চলতি সপ্তাহে মালিকপক্ষ প্রস্তাবিত মজুরি মানার বিপরীতে সরকারের কাছে নীতি-সহায়তা দাবি করেন। এগুলো হচ্ছে: রপ্তানি আয়ের উৎসে কর কমানো (বর্তমানে শূন্য দশমিক ৮০ শতাংশ হারে উৎসে কর দিলেও এখন মালিকপক্ষ দিতে চাইছে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ); পোশাক খাতের জন্য ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা এবং ইউরোপ, আমেরিকা ও কানাডার বাজারে পোশাক রপ্তানিতে ২ শতাংশ নগদ সহায়তা।
জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বড় ও মাঝারি কারখানার নতুন মজুরি চাপ সামলানোর মতো সক্ষমতা আছে। ছোট বা সাব-কন্ট্রাক্টে কাজ করা কারখানাগুলোর সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে তাদের কাজ দেওয়া বড় কারখানাগুলোকে নিজেদের কমিশন কমিয়ে নিতে হবে।’ একই সঙ্গে কারখানাগুলোর সক্ষমতা বাড়িয়ে উৎপাদন ব্যয় হ্রাস করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম দাবি আদায়ে ক্ষুদ্র ও মাঝারি কারখানাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘গত ৫ নভেম্বর বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের যৌথ মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী মালিকেরা নিজ থেকেই সমিতির কাছে আবেদন করছে। আজকে পর্যন্ত (গতকাল) ৪৭০টি আবেদন জমা পড়েছে। আরও পড়বে।’
শহিদুল্লাহ আজিম আরও বলেন, ‘আমরা এগুলো প্রথমে শ্রম মন্ত্রণালয়ে দেব। এ ছাড়া মজুরি বোর্ডের চূড়ান্ত প্রস্তাবে প্রস্থান নীতিমালার বিষয়টি থাকতে হবে। প্রস্তাবিত মজুরি নিয়ে নিম্নতম মজুরি বোর্ডে আমরা লিখিত আপত্তি দেব। তাতে এই দাবির কথা উল্লেখ করা হবে।’
মালিকপক্ষের দাবি আদায়ের এই কৌশল সম্পর্কে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘গত ৩০ বছরেও শ্রমিকদের দাবি মানার মতো মানসিকতা তৈরি হয়নি মালিকদের। উল্টো শ্রমিকদের সুবিধা দেওয়ার পেছনে নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানোর দিকেই মনোযোগ তাঁদের।’
অবশ্য আতিকুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা মজুরি দিতে চাই। কিন্তু সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।’