হাতিল এবার কলকাতায়

কলকাতায় যাত্রা শুরু করল বাংলাদেশের আসবাব খাতের স্বনামধন্য ব্র্যান্ড হাতিল। কলকাতার উপশহর রাজাহাটের সিটি সেন্টারের কাছে স্পেনসার ভবনের তৃতীয় তলায় ৮ হাজার ৮০০ বর্গফুট আয়তন জায়গাজুড়ে হাতিলের ফ্র্যাঞ্চাইজি বা বিক্রয়কেন্দ্র গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। এর আগে গত শনিবার পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে হাতিলের একটি বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।
কলকাতায় হাতিলের নতুন বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) সাইফুল ইসলাম, হাতিলের উপদেষ্টা রফিকুল ইসলাম, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, হাতিলের পরিচালক মাহফুজুর রহমান, মিজানুর রহমান, মশিউর রহমান, শফিকুর রহমান, কলকাতায় হাতিলের বিক্রয়কেন্দ্রের কর্ণধার দেবাশীষ সামন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই অনেক ক্রেতা ও দর্শনার্থী হাতিলের রকিং চেয়ার, খাট, সোফাসেট, ডাইনিং সেট, আলমারি, শোকেস, ডিভান, কফি টেবিল, টিভি কেবিনেট ইত্যাদি ঘুরে দেখেন। কয়েকজন ক্রেতা আসবাব কিনতে গতকালই ক্রয়াদেশ দেন।
হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান প্রথম আলোকে বলেন, ‘আধুনিক ও রুচিশীল মানুষদের কথা মাথায় রেখে হাতিলের আসবাব তৈরিতে সব সময়ই সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঠ ব্যবহার করা হয়। তা ছাড়া হাতিলের আসবাবের নকশা অন্যদের চেয়ে আলাদা। তাই আমরা আশাবাদী, কলকাতায় ভালো সাড়া পাব।’
ভারতে হাতিলের বিক্রয়কেন্দ্র চালু করার কারণ জানতে চাইলে সেলিম এইচ রহমান বলেন, ‘আসবাবের জন্য ভারত নিঃসন্দেহে একটি বড় বাজার। আমরা বাজার পর্যালোচনা করে দেখেছি, ভারতের ক্রেতাদের বড় অংশ চীন থেকে আমদানি করা আসবাব ব্যবহার করেন। চীনা আসবাবের মান নিয়েও ক্রেতাদের বিস্তর অভিযোগ আছে। অন্যদিকে আমাদের আসবাবের মান চীনের থেকে অনেক ভালো ও দামে সাশ্রয়ী। তা ছাড়া বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারতের অনেক রাজ্যের ক্রেতাদের পছন্দের সঙ্গে বাংলাদেশের মিল আছে। সে জন্যই আমরা ভারতে বিক্রয়কেন্দ্র খোলার বিষয়ে আগ্রহী হয়েছি।’
সেলিম এইচ রহমান বলেন, ‘কলকাতা ও চণ্ডীগড়ের ফ্র্যাঞ্চাইজির জন্য বছরে ১০ লাখ মার্কিন ডলার মূল্যের আসবাব বাংলাদেশ থেকে রপ্তানি করা হবে। আশা করছি, এক বছর পর সেটি ৩০ লাখ ডলারে গিয়ে দাঁড়াবে। হাতিলের আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য কলকাতা ও মণিপুরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
হাতিলের কর্তাব্যক্তিরা জানান, বাংলাদেশের বিভিন্ন জেলায় হাতিলের ৭০টি বিক্রয়কেন্দ্র আছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার টরন্টো, ভুটানের থিম্পু ও নেপালের কাঠমান্ডুতে আছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের পর শ্রীলঙ্কার কলম্বোয় বিক্রয়কেন্দ্র করবে তারা। সব মিলিয়ে ১৬টি দেশে বছরে গড়ে ১৫ লাখ মার্কিন ডলারের আসবাব রপ্তানি করে হাতিল।
হাতিলের বিপণন প্রধান ফিরোজ-আল-মামুন প্রথম আলোকে বলেছেন, হাতিলের আসবাব যুক্তরাষ্ট্রের রেড ওক এবং জার্মানির বিচ কাঠ দিয়ে তৈরি হয়। বার্নিশের পরিবর্তে আধুনিক লেকার ফিনিস প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় আসবাবগুলো পরিবেশবান্ধব।