লোহার পাটাতনে হাতুড়ি দিয়ে আঘাত করে আনুষ্ঠানিকভাবে একটি আধুনিক প্রযুক্তির জাহাজ নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেছেন অতিথিরা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে দেশি-বিদেশি ১১ জন অতিথি এভাবে উদ্বোধন কার্যক্রমে অংশ নেন। কেনিয়ার মৎস্য অধিদপ্তরের জন্য এই জাহাজটি নির্মিত হচ্ছে যা২০১৬ সালের মধ্যে হস্তান্তর করার কথা। জাহাজটি কেনার কার্যাদেশ পায় ডেনমার্কের জেজিএইচ মেরিন এ/এস কোম্পানি। কোম্পানিটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে জাহাজটি তৈরি করে কেনিয়ায় হস্তান্তর করবে। এ জন্য কোম্পানিটির সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের ২০ মিলিয়ন মার্কিন ডলার বা ১৫৬ কোটি টাকার চুক্তি হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ডেনিশ রাষ্ট্রদূত হ্যানে ফুল, কেনিয়ার মৎস্য অধিদপ্তরের পরিচালক পেট্রিক ওসারি, জেজিএইচ মেরিনের পরিচালক নেইল হলসটেইন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।