হাতের নাগালে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ধারাবাহিকভাবে কমছে স্মার্টফোনের দাম। বাজারে এখন সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে স্মার্টফোন। দুই বছর আগেও একটি স্মার্টফোন কিনতে গ্রাহককে গুনতে হতো কমপক্ষে ১০ হাজার টাকা। স্মার্টফোনের আমদানিকারক, ব্যবসায়ী, মুঠোফোন অপারেটর ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
স্মার্টফোনের দাম কমার কারণ হিসেবে আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতি ও বিক্রির পরিমাণ বাড়ায় স্মার্টফোনের দাম কমাতে পারছেন তাঁরা। বিক্রি বাড়ার এ ধারা অব্যাহত থাকলে নতুন বছরে ৩ হাজার টাকার মধ্যেই ক্রেতারা স্মার্টফোন কিনতে পারবেন। মুঠোফোন আমদানিতে সরকার আমদানি শুল্ক কমালে স্মার্টফোনের দাম আরও কমানো সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা।
স্মার্টফোনের দাম কমাতে সিম্ফনি, ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রেখেছে। তুলনামূলকভাবে কম দামে ভালো মানের স্মার্টফোন গ্রাহকের হাতে তুলে দিতে পারায় খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে সিম্ফনি ও ওয়ালটন।
৩ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২ হাজার টাকায় বিভিন্ন মডেলের সিম্ফনির স্মার্টফোন বাজারে কিনতে পাওয়া যায়। ২০১৩ সালেও ৫ হাজার টাকার কমে সিম্ফনির স্মার্টফোন কিনতে পাওয়া যেত না। ২০১২ সালে সর্বনিম্ন দামের সিম্ফনি স্মার্টফোন কিনতে গ্রাহককে গুনতে হতো কমপক্ষে ১০ হাজার টাকা। অর্থাৎ মাত্র দুই বছরে সর্বনিম্ন ফোনের দাম কমেছে ৬৫ শতাংশ।
দুই বছরে কীভাবে স্মার্টফোনের দাম এত কমানো সম্ভব হলো, এমন প্রশ্নের উত্তরে সিম্ফনির মার্কেটিং পরিচালক আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে স্মার্টফোনের উৎপাদন খরচ আগের চেয়ে কমে আসা দাম কমার মূল কারণ। এর পাশাপাশি বিক্রি বাড়ায় আমদানি খরচ আগের চেয়ে কমে এসেছে। এসব কারণে গ্রাহককে আমরা কম দামে স্মার্টফোন দিতে পারছি।’
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মুঠোফোন বিক্রেতাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে টিকে থাকার প্রতিযোগিতার কারণেই ২০১৫ সালে স্মার্টফোনের দাম ৩ হাজার টাকার নিচে চলে আসবে। ওয়ালটনের অপারেটিভ পরিচালক উদয় হাকিম জানান, স্মার্টফোনের চাহিদা ক্রমেই বাড়ছে, তাই দামও কমছে। ওয়ালটন বাজারে মুঠোফোন আনার পর দাম কমার এ হার আরও বেগবান হয়েছে।
দেশীয় মুঠোফোন বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিশ্বখ্যাত মুঠোফোন প্রতিষ্ঠান স্যামসাং মুঠোফানের দামও আগের চেয়ে কমিয়েছে। বাজারে এখন ৭ হাজার টাকাতেই মিলছে স্যামসাংয়ের স্মার্টফোন। গ্যালাক্সি এস, নোট সিরিজের ফোনের দামও মডেলভেদে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্যামসাং। অন্য বিদেশি ব্র্যান্ডগুলোও নিজেদের কৌশল অনুযায়ী কমিয়ে আনছে স্মার্টফোনের দাম।
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) হিসাব অনুযায়ী, ২০১২ সালে স্মার্টফোন বিক্রি হয়েছিল মাত্র ৩ লাখ। ২০১৩ সালে স্মার্টফোনের বিক্রি বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। আর ২০১৪ সালে স্মার্টফোনের বিক্রি ৪০ লাখ ছাড়িয়েছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই হাজার কোটি টাকার বেশি। ২০১৫ সালে ৮০ লাখ স্মার্টফোন বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
স্মার্টফোনের দাম কমাতে মুঠোফোন অপারেটররাও কাজ করছে। শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন ৪ হাজার ৬০০ টাকায় মজিলা স্মার্টফোন বাজারে বিক্রি করছে। গ্রামীণফোনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ গত বছরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী দুই বছরে স্মার্টফোনের দাম ২৫ ডলার অর্থাৎ ২ হাজার টাকার মধ্যে চলে আসবে।