হাতের সব শেয়ার বিক্রি করেও পরিচালক রয়েছেন কেউ কেউ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির একাধিক পরিচালকের হাতে ওই কোম্পানির কোনো শেয়ারই নেই। ২০০ কোম্পানির এক হাজার ৪৯১ জন উদ্যোক্তা-পরিচালকের হাতে আছে নিজস্ব কোম্পানির দুই শতাংশের কম শেয়ার। আবার ৩৮ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারের পরিমাণ ৩০ শতাংশের কম। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে এসব পরিসংখ্যান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ডিএসই এসব তথ্য প্রকাশ করে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে এক হাজার ৪৯১ জন পরিচালককে বাজার থেকে নতুন করে বিপুল পরিমাণ শেয়ার কিনতে হবে। আর ৩৮ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদেরও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে হবে। এসইসির গত ২২ নভেম্বর দেওয়া নির্দেশনায় বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে এখন থেকে সম্মিলিতভাবে সব সময় ওই কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। আর কোম্পানির পরিচালকদের এককভাবে ওই কোম্পানির সর্বনিম্ন দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালকদের বেলায় এ শর্ত প্রযোজ্য হবে না। এসইসির নির্দেশনায় আরও বলা হয়, সাধারণ শেয়ারধারীদের মধ্যে কেউ এককভাবে একটি কোম্পানির পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করলে তিনি ওই কোম্পানির পরিচালক হতে যোগ্য বিবেচিত হবেন, যদি দুই শতাংশ শেয়ার ধারণের শর্ত পরিপালনে ব্যর্থতার জন্য কোনো পরিচালকের পদ শূন্য হয়।এসইসির নির্দেশনা অনুযায়ী, যেসব উদ্যোক্তা-পরিচালকের হাতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের আগামী ছয় মাসের মধ্যে শর্ত পূরণ করতে হবে। ন্যূনতম শেয়ারধারণের শর্ত পরিপালনের আইনি বাধা দূর করতে ‘সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ’ বিধিমালার এ সংক্রান্ত বিধি শিথিল করে এসইসি। গত ২২ নভেম্বর ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত এসইসির নির্দেশনার পর গত ২৭ নভেম্বর ডিএসইর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও প্রবর্তকদের শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়ে কোম্পানিগুলোর সচিবের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে ১১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য ডিএসইতে জমা দিতে বলা হয়েছিল। ডিএসই সূত্র জানায়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই শতাধিক কোম্পানি তাদের হালনাগাদ তথ্য জমা দিয়েছে। এর মধ্যে ১৯টিতে তথ্যগত কিছু ভ্রান্তি রয়েছে। আর ১৪টি কোম্পানি সময়মতো তাদের তথ্য জমা দেয়নি। প্রাপ্ত তথ্যানুযায়ী, দুই শতাংশের কম শেয়ারধারী এক হাজার ৪৯১ জন উদ্যোক্তা-পরিচালকের মধ্যে এক হাজার ৯২ জনের কাছে এক শতাংশ বা তারও কম শেয়ার রয়েছে। আর দশমিক ৫ শতাংশ বা তার কম শেয়ারধারীর সংখ্যা ৭৭১ জন এবং দশমিক ১ শতাংশ বা তার কম শেয়ারধারীর সংখ্যা ৪১৩ জন। এমনকি অনেক পরিচালক আছেন, যাঁদের হাতে কোনো শেয়ারই নেই। ডিএসইসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত দুই বছরে বাজার ঊর্ধ্বগতির সময় বেশির ভাগ উদ্যোক্তা-পরিচালক তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছেন। ডিএসইর হিসাব অনুযায়ী, ২০০৯ সালে উদ্যোক্তা-পরিচালকেরা ছয় কোটি ২০ লাখেরও বেশি শেয়ার বিক্রি বা হস্তান্তর করেছেন। আর ২০১০ সালে বিক্রি বা হস্তান্তর হয়েছে ১০ কোটি ৩০ লাখেরও বেশি শেয়ার। ২০১১ সালে এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা ১০ কোটি ২৭ লাখেরও বেশি শেয়ার বিক্রি বা হস্তান্তর করেছেন। ৩৮ কোম্পানি: শতাংশ হারে ইনটেক অনলাইন ২ দশমিক ৫৬, বেক্সিমকো ফার্মা ২ দশমিক ৭০, ফু-ওয়াং ফুড ৬ দশমিক ১৫, এপেক্স এডেলসি ফুটওয়্যার ৫ দশমিক ১৯, ইস্টার্ন ব্যাংক ৬ দশমিক ৭৪, উত্তরা ব্যাংক ৮ দশমিক ১৯, ফাইন ফুডস ৮ দশমিক ৩৭, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ২৬, আজিজ পাইপস ১০ দশমিক ৯৬, পূবালী ব্যাংক ১০ দশমিক ৯৮, ইউনাইটেড এয়ারওয়েজ ১২ দশমিক ৪৪, অগ্নিসিস্টেম ১২ দশমিক ৫৮, রেনেটা ১৩, বেক্সিমকো ১৩ দশমিক ৫৮, মুন্নু সিরামিক ১৫ দশমিক ৫২, বিডি থাই অ্যালুমিনিয়াম ১৭ দশমিক ৬৫, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ১৭ দশমিক ৯৮, ফুওয়াং সিরামিকস ১৯ দশমিক ২৩, আইএসএনএল ১৯ দশমিক ৩৩, মুন্নু জুটেক্স ১৯ দশমিক ৩৯, কর্ণফুলী ইন্স্যুরেন্স ১৯ দশমিক ৫৩, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১৯ দশমিক ৬৭, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২১ দশমিক ১৫, সালভো কেমিক্যাল ২২ দশমিক ৬৯, এসআইবিএল ২২ দশমিক ৮৩, কনফিডেন্স সিমেন্ট ২৩ দশমিক ৪৭, আলহাজ টেক্সটাইল ২৪ দশমিক শূন্য ২, বিজিআইসি ২৪ দশমিক ৩২, দেশবন্ধু পলিমার ২৫, ম্যাকসন্স স্পিনিং ২৫ দশমিক ৪৪, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২৫ দশমিক ৯৭, মেট্রো স্পিনিং ২৬ দশমিক ২১, বরকতউল্লাহ ইলেক্ট্রো ২৬ দশমিক ৪৩, সিএমসি কামাল ২৬ দশমিক ৫৪, সাউথইস্ট ব্যাংক ২৭ দশমিক ২২, সাফকো স্পিনিং ২৮ দশমিক ৩৯, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ২৯ দশমিক ৪৮ শতাংশ রয়েছে। এ ছাড়া শাইনপুকুর সিরামিকসের উদ্যোক্তা পরিচালকদের হাতে নামমাত্র চারটি শেয়ার রয়েছে। যদিও প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানের হাতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।