হানজিনের কনটেইনার ফেরত যাচ্ছে

দেউলিয়ার মুখে থাকা হানজিনের লোগোযুক্ত কনটেইনারে আমদানি করা পণ্য জাহাজ থেকে নামানোর অনুমতি দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। পণ্য নামাতে না পেরে দুটি জাহাজ কনটেইনারভর্তি পণ্য নিয়ে ফেরত গেছে। বন্দর অনুমতি না দেওয়ায় আগামী শনিবার আরও একটি জাহাজের হানজিনের পণ্যভর্তি কনটেইনার নিয়ে ফেরত যাওয়ার কথা রয়েছে।
বন্দরের এই পদক্ষেপে বিদেশের তিনটি বন্দরে প্রায় দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা বাংলাদেশি আমদানিকারকদের ৪ হাজার ৪০৮ একক কনটেইনার আমদানি পণ্য হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব কনটেইনারে পোশাকশিল্প, ইস্পাত কারখানা, ওষুধ কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও বাণিজ্যিক পণ্য রয়েছে। এসব পণ্য হাতে না পাওয়ায় বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন ব্যবসায়ীরা।
২০ অক্টোবর এক সার্কুলারে বন্দর কর্তৃপক্ষ জানায়, দেউলিয়া হয়ে যাওয়ায় এবং বন্দরের পাওনা বাকি থাকায় হানজিন লোগোযুক্ত কনটেইনার জাহাজ থেকে ওঠানো-নামানো করা যাবে না। এই নির্দেশনা দেওয়া হয় বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত সাতটি প্রতিষ্ঠানকে। তবে আমদানিকারকেরা বলছেন, বন্দরে এখন হানজিনের লোগোযুক্ত যেসব কনটেইনারে পণ্য আনা হচ্ছে সেগুলোর মালিকানা এখন হানজিনের হাতে নেই। বিদেশের বন্দরগুলোর অনুমতি নিয়ে ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হানজিনের লোগোযুক্ত কনটেইনারে আনা হচ্ছে। ফলে বন্দর কর্তৃপক্ষ এসব কনটেইনার জাহাজ থেকে নামিয়ে রাখার মাশুলও পাবে।
বন্দর সূত্রে জানা গেছে, দেউলিয়ার মুখে পড়ার পর মাশুল পাওয়া যাবে না—এমন অনিশ্চয়তা থেকে গত ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি হানজিন শিপিংয়ের কনটেইনার ওঠানো-নামানো বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ। ফলে অনেক দেশের মতো বাংলাদেশি আমদানিকারকদের পণ্যভর্তি ৪ হাজার ৪০৮ কনটেইনার আটকা পড়ে সিঙ্গাপুরের সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে।
হানজিনের কনটেইনার কোনো বন্দর ওঠানো-নামানো বা জাহাজ কোম্পানি কনটেইনার পরিবহন করতে রাজি না হওয়ায় বিকল্প পদক্ষেপ নিতে শুরু করেন আমদানিকারকেরা। হানজিনের কনটেইনার থেকে পণ্য সরিয়ে অন্য কোম্পানির কনটেইনারে বোঝাই করে ও মালিকানা পরিবর্তন করেও কনটেইনার দেশে আনার প্রক্রিয়া শুরু করেন অনেকে। এই দুই পদ্ধতিতে আটকে থাকা পণ্যভর্তি প্রতিটি কনটেইনার চট্টগ্রামে আনতে পরিবহন ভাড়া ও আনুষঙ্গিক খরচসহ মোট ১ হাজার ৪০০ ডলার করে বাড়তি খরচ হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। এ হিসাবে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা শুধু পরিবহনসহ আনুষঙ্গিক খাতে বাড়তি ব্যয় হচ্ছে ব্যবসায়ীদের।
জাহাজ কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত তিনটি জাহাজে হানজিনের ৭৪টি কনটেইনারে পণ্য আনা হয়। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ হানজিনের কনটেইনারে থাকা পণ্য নামাতে না দেওয়ায় ‘সি মাস্টার’ ও ‘গিদানস্ক ট্রেডার’ নামের দুটি জাহাজে ফেরত নেওয়া হয়েছে ২৮ কনটেইনার পণ্য। বন্দরের জেটিতে থাকা ‘এমভি শান্তা ফিওরেনজা’ জাহাজে ৪৬ কনটেইনার পণ্যও নামানোর অনুমতি দেয়নি বন্দর কর্তৃপক্ষ।
মাশুল পাওয়ার নিশ্চয়তা থাকার পরও পণ্য নামানোর অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, হানজিনের কাছে বন্দর অনেক টাকা পাওনা রয়েছে। শুধু কনটেইনার রাখা বাবদ প্রতি পাঁচ দিনে ১ কোটি টাকা বকেয়া বাড়ছে এই কোম্পানির। এ জন্য নতুন করে হানজিনের কনটেইনারভর্তি পণ্য নামানো হলে কোনো আইনগত জটিলতা তৈরি হবে কি না বা বন্দরের পাওনা নিয়ে অনিশ্চয়তা বাড়বে কি না—এসব বিষয় যাচাই করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত প্রতিবেদন দেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এমভি শান্তা ফিওরেনজা জাহাজে হানজিনের লোগোযুক্ত নয়টি কনটেইনারে পণ্য এনেছে গাজীপুরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দক্ষিণ কোরিয়া থেকে এই নয় কনটেইনারে রেফ্রিজারেটর তৈরির কাঁচামাল এনেছে ওয়ালটন। এ জন্য কনটেইনারপ্রতি (৪০ ফুট লম্বা) প্রতিষ্ঠানটি ভাড়াও পরিশোধ করেছে ১ হাজার ৮০০ ডলার করে।
ওয়ালটনের পণ্য পরিবহনের দায়িত্বে নিয়োজিত ওয়ালটন লজিস্টিকস লিমিটেডের চট্টগ্রামের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, হানজিনের বিপর্যয়ের কারণে সিঙ্গাপুরে ২১৭ কনটেইনারভর্তি কাঁচামাল আটকা পড়েছিল ওয়ালটনের। প্রথম দফায় নয়টি কনটেইনার আনা হলেও বন্দর অনুমতি না দেওয়ায় জাহাজ থেকে খালাস করা যাচ্ছে না। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে কাঁচামাল হাতে না পাওয়ায় ওয়ালটন কারখানার রেফ্রিজারেটর উৎপাদন ব্যাহত হচ্ছে।
একই জাহাজে নারায়ণগঞ্জের আরিফ নিট স্পিন লিমিটেড সাত কনটেইনারে যন্ত্রপাতি আমদানি করেছে। তারাও এখন নামাতে পারছে না। প্রতিষ্ঠানের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠান সানিট্রান্স ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এম এ সোবহান প্রথম আলোকে বলেন, হানজিনের কনটেইনার অন্য একটি প্রতিষ্ঠান লিজ নিয়েছে। ফলে বন্দর কনটেইনার ওঠানো-নামানোর খরচও পাবে। এই কনটেইনার নামাতে না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন নুর আলী বলেন, সিঙ্গাপুরে তাঁদের সংগঠনের সদস্যদের আমদানি করা অন্তত ৭০০ কনটেইনারে ইস্পাত পাতের পণ্য আটকা পড়েছে। এসব পণ্য আমদানিকারকেরাও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাড়তি টাকা খরচ করে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে নামাতে না পারলে এসব প্রতিষ্ঠান টিকতে পারবে না।
প্রসঙ্গত, ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পেরে গত ৩১ আগস্ট দক্ষিণ কোরিয়ার আদালতে দেউলিয়াত্ব সুরক্ষা আবেদন করে হানজিন শিপিং কোম্পানি। এরপর বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহনে বিপর্যয় শুরু হয়। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।