হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী দুই পরিচালক পদের নির্বাচনে হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান জয়ী হয়েছেন। এ দুই পদের জন্য মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চারজন।

ডিএসইর মতিঝিল কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তাতে ২৪৫ জন ভোটারের মধ্যে ২২২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনাকালে নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন চারটি ভোট ত্রুটিজনিত কারণে বাতিল বলে ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চার প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূঁইয়া প্রথম হন। আর ১১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান। ফলে ভোটের অঙ্কের হিসাবে এ দুজনকে জয়ী ঘোষণা করা হয়। নবনির্বাচিত নতুন এ দুই শেয়ারধারী পরিচালক আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। তাঁরা ডিএসইর বর্তমান পরিচালক খাজা গোলাম রসুল ও মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন। কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালকেরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

শেয়ারধারী দুই পরিচালক পদের নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থীর মধ্যে খাজা আসিফ আহমেদ ৮৮ এবং মিজানুর রহমান ৭৭ ভোট পেয়েছেন।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার পর গঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের ১২ সদস্যের মধ্যে ৭ জনই স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারী পরিচালক রয়েছেন ৪ জন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত একটি পদ এখনো শূন্য রয়েছে।