হালকা প্রকৌশল খাতের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়নে ৮০ লাখ টাকা ব্যয়ে সরঞ্জাম এনেছে এসএমই ফাউন্ডেশন। এটি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বিটাকের মাধ্যমে এ খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার এক মতবিনিময়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম খোরশেদ আলম এ কথা বলেন।এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সভায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, হালকা প্রকৌশল খাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণদান; প্রযুক্তির উন্নয়ন ও নতুন প্রযুক্তি হস্তান্তর করা; নীতিসহায়তা দেওয়া; ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারখানাগুলোকে একত্র করে পরিকল্পিত শিল্পপার্ক স্থাপন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করার ওপর গুরুত্ব দিতে হবে।সভায় জানানো হয়, দেশে ৪০ হাজারের বেশি হালকা প্রকৌশল কারখানায় বছরে ১০ হাজার কোটি টাকার সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে। এ খাতে প্রত্যক্ষভাবে ছয় লাখ এবং পরোক্ষভাবে আরও ৬০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।আব্দুর রাজ্জাক বলেন, অবকাঠামো ও পরিষেবা, প্রযুক্তি, দেশি-বিদেশি অর্থায়ন, প্রয়োজনীয় নীতিসহায়তা এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের অভাব এ খাতের বিকাশে বড় বাধা। কাঁচামাল ও তৈরি পণ্য আমদানির ক্ষেত্রে অবাস্তব শুল্ককাঠামো ও অসম মূসক আরোপ করে এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে। খোরশেদ আলম বলেন, দেশে উৎপাদিত হালকা প্রকৌশল শিল্পপণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির উদ্যোগ নেবে এসএমই ফাউন্ডেশন। শিগগিরই এ খাতের প্রকৌশলী, কারিগর ও শ্রমিকদের প্রাযুক্তিক দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এ খাতের জন্য একটি শিল্পপার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি তার বিশেষ কর্মপরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি। সভায় ফাউন্ডেশনের নীতি পরামর্শক ও গবেষণা বিভাগের প্রধান মুজিবুর রহমান, বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম, মাসুম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।