হালকা প্রকৌশল শিল্পপার্ক স্থাপিত হবে
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, মহাজোট সরকারের মেয়াদের মধ্যেই পরিবেশবান্ধব হালকা প্রকৌশল শিল্পের জন্য পৃথক শিল্পপার্ক স্থাপনের কাজ সমাপ্ত হবে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় কাজ শুরু করেছে। হালকা প্রকৌশল শিল্প খাতের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে দেশে টেকসই শিল্পায়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক প্রকৌশল পণ্য ও প্রযুক্তি মেলা-২০১১’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিসিক চেয়ারম্যান ফখরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাকারিয়া আহমেদ প্রমুখ বক্তব্য দেন।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, জ্বালানি সমস্যার সমাধান হলে দেশের ৬৪টি জেলার বিসিক শিল্পনগরে বিনিয়োগের জোয়ার আসবে। অধিক পরিমাণে হালকা প্রকৌশল কারখানা স্থাপন হবে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। উল্লেখ্য, চার দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ, ভারত, চীন ও জার্মানির হালকা প্রকৌশল শিল্পোদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় ৯২টি স্টল রয়েছে। এসব স্টলে বস্ত্র, পাটকল ও রেলওয়ের খুচরা যন্ত্রাংশ, লৌহ, নির্মাণ ও কৃষি যন্ত্রপাতি, মোল্ড ও ডাই, কাটিং মেশিন, প্লাস্টিক ও ফার্মাসিউটিক্যাল, পলি ও করোগেটেড প্যাকেজিং মেশিনারিজ, জিআই পাইপ, বিস্কুট ও বেকারি মেশিনারিজ প্যান্ট, বাইসাইকেল ও সাইকেলের খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে।প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।