হালকা প্রকৌশল শিল্পের জন্য আধুনিক পার্ক স্থাপনের দাবি
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ধোলাইখালের ঐতিহ্যবাহী হালকা প্রকৌশল শিল্প টিকিয়ে রাখার জন্য জাহাজ ভাঙা শিল্প রক্ষা জরুরি। গতকাল বুধবার শিল্পমন্ত্রী রাজধানীর ধোলাইখাল এলাকায় অবস্থিত বিভিন্ন হালকা প্রকৌশল কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন। অন্যদিকে হালকা প্রকৌশল শিল্পের উদ্যোক্তারা এখাতে টেকসই বিকাশের লক্ষ্যে একটি আধুনিক ‘হালকা প্রকৌশল শিল্পপার্ক’ গড়ে তোলার দাবি জানিয়েছেন। বিটাকের মহাপরিচালক আশীষ কুমার পাল, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকসহ সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।্র পরিদর্শনকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পক্ষ থেকে ধোলাইখালে অবস্থিত হালকা প্রকৌশল শিল্পকারখানার বিভিন্ন সমস্যা সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করা হয়। সমিতির নেতারা টেকসই হালকা প্রকৌশল শিল্প বিকাশের লক্ষ্যে একটি আধুনিক ‘হালকা প্রকৌশল শিল্পপার্ক’ গড়ে তোলার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে দেশে প্রায় ৪০ হাজার হালকা প্রকৌশল শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় ছয় লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। কারখানাগুলোর বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন হচ্ছে।