হালখাতা উৎসবে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বছর শেষ। আজ সোমবার পয়লা বৈশাখ, ১৪২১। আর এই বাংলা নববর্ষের শুরুতেই হয় ‘হালখাতা’। পুরান হিসাব চুকিয়ে ফেলে ব্যবসায়ীদের নতুন খাতা খোলার উৎসব।
পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের স্বর্ণের দোকান, শ্যামবাজারের আড়ত এবং ইসলামপুরের কাপড়ের দোকানে হালখাতার আয়োজনটা বেশি হয়। চৈত্র মাসের শুরু থেকেই ব্যবসায়ীরা তাঁদের নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করেন। এ জন্য নিমন্ত্রণপত্রও ছাপানো হয়। দু-তিন দিন ধরে চলে ধোয়ামোছার কাজ।
পুরান ঢাকার ‘হালখাতা’ উৎসব মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বেশি উদ্যাপিত হয়। সাধারণত সনাতন পঞ্জিকার তারিখ অনুযায়ী পয়লা বৈশাখের দিন হালখাতা করা হয়। ওই পঞ্জিকার হিসাবে কাল মঙ্গলবার পয়লা বৈশাখ। তাই কাল সকালে দোকানগুলো ফুলে ফুলে সাজানো হবে। বাদ্যবাজনা থাকবে। আমন্ত্রিত অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে।
তবে একাধিক ব্যবসায়ী বলেন, একসময় খুব জাঁকজমকভাবে হালখাতা হলেও এখন সেই উৎসাহ-উদ্দীপনা অনেকটাই কমে গেছে। নিয়ম রক্ষার জন্য দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পুরোনো খাতার বদলে লাল রঙের খাতা কেনেন। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। অনেকে আবার হালখাতা করছেন।
জানতে চাইলে শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা বলেন, ‘আগের মতো হালখাতায় এসে মহাজনদের
বাকি টাকা ফেরত দেওয়ার প্রবণতাটা নাই। ফলে উৎসাহে কিছুটা ভাটার টান পড়েছে। দু-তিন বছর আগে সর্বশেষ হালখাতা করেছিলাম।’