হালনাগাদ করতে হবে বিও হিসাবের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারির মধ্যে সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হচ্ছে। বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহায়তায় দেশের দুই স্টক এক্সচেঞ্জকে এই নির্দেশনা পরিপালন করতে হবে। পাশাপাশি তালিকাভুক্ত একটি কোম্পানির অধিকারমূলক বা রাইট শেয়ারের আবেদন ও বেমেয়াদি একটি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন করা হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত বুধবারের সভায় এই নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ওই দিনই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, নতুন কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন পদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আইপিও পদ্ধতি সহজ করতে এরই মধ্যে বিএসইসি উদ্যোগ নিয়েছে। আইপিও-প্রক্রিয়া সহজ করতে ব্রোকারেজ হাউসগুলোকেও প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার চিন্তাভাবনা করছে বিএসইসি।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইনস্যুরেন্সের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন করেছে বিএসইসি। বিএসইসির তথ্য অনুযায়ী, কোম্পানিটি বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি (১: ১) রাইট শেয়ার ইস্যু করবে। রূপালী লাইফ ইনস্যুরেন্স প্রায় এক কোটি ২০ লাখ রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ৩৬ কোটি টাকার বেশি সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
বিএসইসি জানিয়েছে, বাজার থেকে সংগৃহীত টাকা রূপালী লাইফ ইনস্যুরেন্স ব্যবসা সম্প্রসারণ, আর্থিক ভিত্তি মজবুত ও শেয়ারবাজারে বিনিয়োগে ব্যবহার করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।