হাহাকারের মধ্যে এগিয়েছে পুঁজিবাজারে সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের উত্থান-পতন নিয়ে বছরজুড়েই ছিল বিনিয়োগকারীদের হাহাকার। তবে ২০১০ সালের ধসের পর মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে রাজপথ কাঁপানো সেই ক্ষোভ তেমন ছিল না বিদায়ী ২০১৩ সালে। কিন্তু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের হাহাকার থামেনি। কারণ, ধসের তিন বছর পরও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষত উপশম হয়নি এতটুকু। বিনিয়োগকারীদের চলমান এই হাহাকারের মধ্যেও বছরটিতে এগিয়েছে সংস্কার কার্যক্রম।
২০১৩ সালে বহুল আলোচিত স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশনের আইনি ভিত রচিত হয়েছে। আইনি বিধান অনুযায়ী, দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জে পরিণত হয়েছে। যদিও এটির পরিপূর্ণ বাস্তবায়নের প্রধান ধাপসমূহ সম্পন্ন হবে নতুন বছরে।
ভুল সংশোধনের মধ্য দিয়েই শেয়ারবাজারে ২০১৩ সালটি শুরু হয়েছিল। ওই বছরের জানুয়ারিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ভুল সূচকের পরিবর্তে নতুন সূচক ডিএসইএক্স চালু করা হয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির তত্ত্বাবধানে নতুন সূচকটি চালু হয়। নতুন সূচক চালুর মাধ্যমে ডিএসই বছরের শুরুটি ভালোভাবে করলেও সমালোচিত ছিল সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদত্যাগের কারণে। বছরের প্রথম মাসেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডিএসইর তৎকালীন সিইও এম মোশাররফ হোসাইন। পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্যই ছিল মূলত এই পদত্যাগের অন্তর্নিহিত কারণ।
বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে এসে ডিএসইতে চালু হয় বাংলা ওয়েবসাইট। আর ওই মাসেই শেয়ারবাজারে সংস্কারে যুক্ত হয় আরেকটি ধাপ। শেয়ারবাজার থেকে বিলুপ্ত হয় অমনিবাস বা একীভূত হিসাব। তার পরিবর্তে চালু করা হয় পৃথক বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশে অমনিবাস হিসাব বন্ধ করা হয়।
মার্চ মাসে এসে আবারও ধাক্কা খায় শেয়ারবাজার। সূচকের বড় ও টানা পতন ঘটে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে। একপর্যায়ে কমতে কমতে তা তিন হাজার ৬০০ পয়েন্টে চলে আসে, ফিরে যায় ২০০৯ সালের অবস্থানে।
এপ্রিল মাসে জাতীয় সংসদে পাস হয় বহুল আলোচিত স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ-সংক্রান্ত ‘দ্য এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট-২০১৩’ আইনটি। যে আইনের ফলে পরবর্তী সময়ে দুই স্টক এক্সচেঞ্জ অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
এরপর ধাপে ধাপে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার জন্য ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন, মিউচুয়াল ফান্ডের বোনাস লভ্যাংশ ঘোষণার বিধান, গবেষণাসেবা চালু, দুর্নীতির দায়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা আনোয়ারুল কবীর ভূঁইয়াকে চাকরি থেকে অব্যাহতি, প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপালনে ব্যর্থ কোম্পানির অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অধিকার বিলুপ্ত করার মতো নানা সংস্কার যুক্ত হয়।
দৈনন্দিন বাজারের বাইরে বছরের শেষ দিকে এসে ডিএসই আবারও আলোচনায় আসে ‘নিকুঞ্জ ভবনের ভাগ-বাঁটোয়ারা’কে কেন্দ্র করে। রাজধানীর নিকুঞ্জে নির্মিত হাজার কোটি টাকার ভবনটি নামমাত্র টাকায় নিজেদের মধ্যে ‘স্থায়ী ভাগ-বাঁটোয়ারা’ করার উদ্যোগ নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে সেই প্রচেষ্টা ভেস্তে যায়। একইভাবে শেষ মুহূর্তে এসে বিশেষ সাধারণ সভা বা ইজিএম স্থগিতের ঘটনাটিও ছিল আলোচিত বিষয়। ডিএসইর এক সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সব আয়োজন সম্পন্ন করার পরও ইজিএম স্থগিত করতে হয়। যদিও পরে আদালতের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় নতুন করে আবারও ইজিএম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগকারীদের হাহাকার বন্ধ বা বাজারে স্থিতিশীলতা ফেরাতে না পারলেও ২০১৩ সালের শেষ দুই মাসে একাধিক অর্জন যুক্ত বিএসইসির সঙ্গে। নভেম্বর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পায় পরিপূর্ণ আর্থিক স্বায়ত্তশাসন। আর ডিসেম্বরে এসে যুক্ত হয় আন্তর্জাতিক সংস্থা আইওএসকোর স্বীকৃতি।
বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের সংগঠন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও বা আইওএসকো) বাংলাদেশকে অভিজাত শ্রেণীভুক্ত করে। এর ফলে বিএসইসি ‘বি’ শ্রেণী থেকে ‘এ’ শ্রেণীভুক্ত হয়।
মতামত: বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সার্বিক বিচারে ২০১১-১২ সালের তুলনায় ২০১৩ সালটি ছিল শেয়ারবাজারের জন্য কিছুটা স্থিতিশীল। ২০১১-১২ সালে বাজারে যে ধরনের অস্থিতিশীলতা ছিল, গত বছর তেমনি ছিল না। বছরের শেষ দিকে এসে বাজার একটি সীমার মধ্যে ঘুরপাক খেয়েছে। এর ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের কিছুটা আস্থা বেড়েছে। যদিও শেষ দিকে রাজনৈতিক অস্থিরতা বাজারের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অস্থিরতা চলমান থাকলে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে।
 ২০১৩ সালে শেয়ারবাজারে নতুন ১৭টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছিল ১৪টি
 ডিএসইতে গত বছর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪০০ কোটি টাকা, আগের বছর যা ছিল প্রায় ৪২১ কোটি টাকা
 ২০১৩ সাল শেষে ডিএসইর গড় মূল্য আয় অনুপাত হয়েছে ১৫.০৯, যা ছিল ১২.০৭