হিথরোকে ছাড়িয়ে দুবাই এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর

মাত্র বছর দশেক আগের কথা। তখন বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান জ্বালানি নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে অবতরণ করত। ওই শহর বা দেশটি নিয়ে যাত্রীদের বলতে গেলে আগ্রহই ছিল না।
আর তখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর তালিকায় দুবাইয়ের অবস্থান ছিল ৪৫তম। কিন্তু এক দশক পর এখন এটি লন্ডনের হিথরো বিমানবন্দরকে টপকে এক নম্বরে উঠে এসেছে। দুবাই এখন তাবৎ দুনিয়ার এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের সংযোগস্থলে পরিণত হয়েছে। সেই সঙ্গে এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্র।
কিন্তু এই বিস্ময়কর উন্নতির রহস্যিট কী? প্রশ্নিটর উত্তর অবশ্য সহজ, দুবাইকে পরিকল্পিতভাবেই গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক বিমান সংস্থা ও ভ্রমণকারীদের টানতে দেশটি নানা কার্যক্রম চালিয়েছে।
দেশটি বিমানযাত্রী তথা ভ্রমণকারীদের জন্য র্যাফল ড্রয়ে পোরশের মতো দামি গাড়ি কিংবা ১০ লাখ ডলার (বাংলাদেশের আট কোটি টাকার সমান) জেতার সুযোগ করে দিয়েছে। আরব উপসাগরের তীরবর্তী দেশটি মাসব্যাপী শপিং ফেস্টিভ্যাল বা কেনাকাটা উৎসবের আয়োজন করেও বিদেশিদের টেনেছে। এই উৎসবে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর বিভিন্ন পণ্য ব্যাপক মূল্যছাড়ে বিক্রি করা হয়। তখন হোটেলের রুম ভাড়াও কমানো হয়।
দুবাই বিমানবন্দর দিয়ে এখন বছরে ছয় কোটি ৭৩ লাখ যাত্রী চলাচল করেন। এই সংখ্যা ২০১৯ সাল নাগাদ এক কোটিতে উন্নীত হবে বলে ইউএই আশা করছে। হিথরো বিমানবন্দর দিয়ে বছরে ছয় কোটি ৬৯ লাখ আন্তর্জাতিক যাত্রী চলাচল করেন। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা হংকং বিমানবন্দর হয়ে আসা-যাওয়া করেন পাঁচ কোটি ৯৯ লাখ আন্তর্জাতিক যাত্রী।
অবশ্য ভৌগোলিক অবস্থানও দুবাইয়ের জন্য বেশ সহায়ক হয়েছে। কারণ, সেখান থেকে বিমানযোগে মাত্র আট ঘণ্টার মধ্যেই বিশ্বের প্রায় অধিকাংশ গন্তব্যে পৌঁছানো যায়।
দুবাইয়ের উন্নয়নের নেপথ্যে স্থানীয় বিমান সংস্থা এমিরেটসেরও অবদান আছে। এটি তুলনামূলক সস্তায় যাত্রী পরিবহনের পাশাপাশি ফর্মুলা ওয়ান কার রেসিং ও ইউএসএ ওপেন লন টেনিসের পৃষ্ঠপোষকতা করছে। বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল দলের জার্সিতে শোভা পাচ্ছে এই বিমান সংস্থার নাম। এসব পদক্ষেপ দুবাইকে বিশ্বদরবারে তুলে ধরেছে। এমিরেটস এয়ারলাইনসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী; দুবাই বিমানবন্দরের চেয়ারম্যান এবং দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সভাপতি শেখ আহমেদ বিন সায়ীদ আল-মাখতুম হলেন ইউএইর বর্তমান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশীদ আল-মাখতুমের চাচা।
বছর পাঁচেক আগে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিলে এর মারাত্মক প্রভাব পড়ে ইউএইর ওপর। এমনকি দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ার উপক্রম হয়। ওই অবস্থায় তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রতিবেশী আবুধাবির কাছ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের সহায়তা নেয়। পরিস্থিতি সামাল দিয়ে দেশটি দুবাইয়ে আট হাজার কোটি ডলার ব্যয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেয়। এক দশকের মধ্যে নির্মাণকাজ শেষ হবে এবং এটি বর্তমান বিমানবন্দরটিকে ছাড়িয়ে যাবে।
দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানান, এই শতকের মাঝামাঝি সময়ে নতুন বিমানবন্দরটির বার্ষিক আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা দুই কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
মূলত গত শতকের আশির দশকে ইউএই সরকার পর্যটক আকৃষ্ট করতে দুবাইয়ের উন্নয়ন শুরু করে। তারা গড়ে তোলে বিশ্বের বৃহত্তম দুটি শপিংমল বা অভিজাত বিপণিবিতান। পরবর্তী সময়ে তারা তৈরি করে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা (উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট)। সূত্র: নিউইয়র্ক টাইমস