
বগুড়ায় হিমাগার পর্যায়ে আলুর দামে আরও ধস নেমেছে। এক মাসের ব্যবধানে সব ধরনের আলুর দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে।
কৃষক-ব্যবসায়ীরা জানান, দাম কমে যাওয়ার কারণে তাঁরা নজিরবিহীন লোকসানের মুখে রয়েছেন। বর্তমান দামে আলু বিক্রি করলে খরচের টাকা উঠবে না বলে হিমাগার থেকে অনেকেই আলু তুলছেন না।
অন্যদিকে আলু সংরক্ষণের ভাড়া এবং কৃষক-ব্যবসায়ীকে দেওয়া ঋণ আদায় করতে না পেরে বিপাকে পড়েছেন হিমাগারের মালিকেরা।
সরেজমিনে গত শুক্রবার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, হিমাগারগুলোতে প্রতি বস্তা (৯০-৯৪ কেজি) অ্যাসটরিক জাতের আলু ৭৮০, গ্রানুলা ৪৫০, ডায়মন্ড ৭০০, রোমানা ১ হাজার এবং দেশি পাকরি আলু ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দর আলুর ক্রয়মূল্য ও হিমাগারে সংরক্ষণের খরচের চেয়ে জাতভেদে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা কম।
হিমাগারে রাখা আলু সাধারণত নভেম্বর মাসের শেষ নাগাদ বিক্রি শেষ হয়। অথচ বৃহত্তর বগুড়ার ৪৯টি হিমাগারে রাখা আলুর অর্ধেকই এখনো বিক্রি হয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়া জেলায় গত মৌসুমে ৬৬ হাজার হেক্টর জমিতে ১৪ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। এর মধ্যে জেলার ৩৩টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয় ২ লাখ মেট্রিক টন।
বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, দাম কমে যাওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত হিমাগার থেকে ৪০ শতাংশ আলুও বের হয়নি। কৃষক-ব্যবসায়ীদের নানাভাবে তাগাদা দেওয়া হলেও কেউ আলু তুলতে হিমাগারমুখী হচ্ছেন না। তিনি বলেন, ঋণ এবং হিমাগারের ভাড়া তোলা সম্ভব না হলে কোটি কোটি টাকা লোকসান দিতে হবে মালিকদের।
বগুড়ার শাহ সুলতান শিল্প গ্রুপের হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর প্রথম আলোকে বলেন, তাঁদের চারটি হিমাগারের মধ্যে প্রতিটিতে গড়ে ২ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৫০ শতাংশ আলুও বিক্রি হয়নি। এতে হিমাগারের ভাড়া ছাড়াও বস্তাপ্রতি দেওয়া ৬০০ থেকে ৭০০ টাকা ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
বলরামপুর শাহ সুলতান হিমাগারে ২০০ বস্তা অ্যাসটরিক আলু রেখেছিলেন শিকটা গ্রামের কৃষক মো. হারুন। লোকসানের কারণে এই আলু তিনি তুলবেন না বলে হিমাগার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, উৎপাদন মৌসুমে এক বস্তা (৯০ কেজি) অ্যাসটরিক আলুর দাম ছিল ১ হাজার ৩৫০ টাকা। এখন ভাড়া ২৮০ ও ঋণের ৬০০ টাকা মিলিয়ে প্রতি বস্তায় হিমাগারে বকেয়া হয়েছে ৮৮০ টাকা। অথচ এই আলুর বাজারমূল্য ৭৮০ টাকা।
কৃষকের পাশাপাশি অনেক ব্যবসায়ী হিমাগারে আলু রেখেছিলেন। তাঁদের একজন পুনট বাজারের ব্যবসায়ী মুকুল হোসেন। তিনি বলেন, ‘আলু কিনে লাভের আশায় হিমাগারে রেখেছিলাম। এখন ১ হাজার ৬০০ বস্তায় ৭ লাখ ২০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে।’
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার বলেন, হিমাগারে সংরক্ষণের পাশাপাশি কৃষকের ঘরেও রেকর্ড পরিমাণ আলু ছিল। চাহিদার তুলনায় সংরক্ষণের পরিমাণ বেশি হওয়ায় আলুর দাম এবার কম।