হিমাগার পুনর্বাসনে গুচ্ছ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বন্ধ হয়ে যাওয়া ও আর্থিক সংকটে থাকা হিমাগারগুলোর পুনর্বাসন চাইছে সরকার। আগামী দেড় মাস অর্থাৎ ৩১ মার্চের মধ্যে হিমাগারমালিকদের নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এরপর আবেদন করলে তা বিবেচনায় নেওয়া হবে না। আবেদনের সঙ্গে হিমাগারগুলোর আর্থিক ক্ষতির প্রমাণপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দাখিল করতে হবে।
এসব কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিঠি দিয়েছে। চিঠিতে হিমাগারগুলোর পুনর্বাসনে তাদের সাহায্য করতে বলা হয়েছে।
অনেক হিমাগার প্রকল্পের মালিকেরা ব্যাংকঋণ পরিশোধ করতে পারছেন না, অর্থাৎ তাঁদের ঋণ অনিয়মিত হয়ে গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ধরনের অনিয়মিত ঋণকে ব্লক হিসাবে স্থানান্তর করতে বলেছে। ফলে হিমাগারমালিকেরা প্রকল্প ঋণের টাকা তিন মাসের কিস্তিতে ১০ বছর ধরে পরিশোধ করতে পারবেন। আর চলতি মূলধনের টাকা পরিশোধ করতে পারবেন ছয় বছরের মধ্যে।
চিঠিতে বলা হয়েছে, ব্লক হিসাবে গেলেই সুদ মাফ হবে না। ১০ শতাংশ সুদ অথবা তহবিলের খরচ—এ দুইয়ের মধ্যে যেটি কম, সুদ আদায় করা হবে সেই হারে।
মূল ঋণ ও মামলা খরচ বাদে ব্লক হিসাবে স্থানান্তরিত হিমাগার প্রকল্পগুলোর অনারোপিত সুদ, স্থগিত সুদ খাতে রক্ষিত সুদ এবং দণ্ড সুদ মাফ করা যাবে বলে ব্যাংকগুলোকে জানানো হয়েছে।
হিমাগার প্রকল্পগুলোর ঋণ পুনঃতফসিল করা হবে কি না বা নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে ডাউন পেমেন্ট দিতে হবে কি না, তা ব্যাংকের পর্ষদকে বিবেচনা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য কেস-টু-কেস ভিত্তিতে অনুমতি নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের।
নতুন প্রকল্প ও চলতি মূলধন ঋণের ক্ষেত্রে জামানত ঘাটতি থাকলে গ্রাহকের কাছ থেকে নতুন জামানত নিতে হবে এবং যেসব হিমাগারের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে, সেগুলো সোলেনামার ভিত্তিতে নিষ্পত্তি করার পরামর্শ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের।
হিমাগার প্রকল্পের যেসব ঋণ হিসাব আগে পুনঃতফসিলীকরণ হয়েছে, সেসব ঋণ হিসাবের জন্যও এসব সুবিধা বহাল থাকবে। তবে এর আগে যেসব ঋণ ইতিমধ্যে ব্লক করা হয়েছে বা পুনঃতফসিল করা হয়েছে, সেসব ঋণ হিসাবের জন্য আবার আবেদন বিবেচনা করা হবে না।
কৃষকদের বৃহত্তর স্বার্থে স্থাপিত হিমাগারগুলোর পুনর্বাসনে সরকার এসব পদক্ষেপ নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ কোল্ডস্টোরেজ সমিতি সূত্রে জানা গেছে, দেশে সংকটে থাকা কোল্ডস্টোরেজ রয়েছে ২০০টি।