হিমাগার প্রকল্প ঋণে শর্ত শিথিল
হিমাগার প্রকল্পে নতুন ঋণ বিতরণে জামানতের শর্ত শিথিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এ ছাড়া হিমাগার প্রকল্প পুনর্বাসনে গত ২৯ জানুয়ারি শুধু উত্তরাঞ্চলের জন্য দেওয়া নির্দেশনাটিও সারা দেশের হিমাগার প্রকল্পের জন্য প্রযোজ্য করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাতে বলা হয়েছে, বন্ধক রাখা মালামালে আচ্ছাদিত নতুন চলতি মূলধন ঋণের ক্ষেত্রে নতুন জামানত গ্রহণের শর্ত শিথিলযোগ্য হবে।
তবে নতুন প্রকল্প ও চলতি মূলধন (হাইপো) ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত ঘাটতি হলে গ্রাহক থেকে নতুন জামানত নেওয়া যেতে পারে।
গত ২৯ জানুয়ারি উত্তরাঞ্চলের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে। ব্যাংক প্রচলিত নিয়মে ঋণ আদায় নিশ্চিত করবে।
এ ছাড়া যেসব হিমাগারের বিরুদ্ধে মামলা রয়েছে, তা আপসরফার (সোলেনামার) ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। আবার হিমাগার প্রকল্পের যেসব ঋণ হিসাবের আগেই পুনঃ তফসিল করা হয়েছে, সে ক্ষেত্রেও এই সুবিধা দিতে হবে।