হিমাগারগুলোতে গ্যাস সিলিন্ডার সরবরাহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হিমাগারশিল্পে পূর্বনির্ধারিত জামানত বহাল রেখেই চাহিদামতো নিরবচ্ছিন্ন তরল অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার সরবরাহের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠককালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জসীম উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ড. কামরুল হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, মুনতাকিম আশরাফ, তারেক মো. আলীসহ সমিতি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে সমিতির নেতারা বলেন, বর্তমানে দেশের ৩৬৫টি হিমাগার ৩৬ লাখ টন খাবার ও বীজ আলু সংরক্ষণ করে খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তা করছে। তরল অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির ফলে হিমাগারশিল্পে এর নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অনুকূলে বরাদ্দকৃত বিসিআইসির অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের জামানত প্রায় ১০ গুণ বাড়ানো হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। তাঁরা বিসিআইসি ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মধ্যে চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট সার কারখানাগুলো থেকে পূর্বনির্ধারিত এক লাখ টাকা জামানত বহাল রেখে তরল অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার সরবরাহের জন্য শিল্পমন্ত্রীর কাছে অনুরোধ করেন।