হিমাগারের অভাবে আলুচাষিরা এখন বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বরেন্দ্র অঞ্চল ও বাগমারা উপজেলা এবং যশোর জেলায় কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে আলু ও টমেটোসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষাবাদ ও ফলন উল্লেখযোগ্য হারে বাড়লেও কৃষকেরা এসব পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না।এলাকায় সংরক্ষণসুবিধার অভাব, মোকামে দালাল-ফড়িয়াদের দৌরাত্ম্য ও পণ্য পরিবহনে সমস্যার কারণে রাজশাহী ও যশোর অঞ্চলের কৃষকেরা তাঁদের উত্পাদিত আলু-টমেটোসহ মৌসুমি সবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা।সরেজমিনে আলাপকালে রাজশাহী ও যশোর অঞ্চলের কৃষকেরা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, আবহাওয়া অনুকূল থাকার পাশাপাশি সময়মতো ও কম দামে বীজ-সার ও কীটনাশক পাওয়ায় এবং খেতে রোগবালাই না হওয়ায় এবার আলু-টমেটোসহ সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে বা মোকামে এসব পণ্যের ভালো দাম পাওয়া যাচ্ছে না। আবার স্থানীয় হিমাগারগুলোতেও চাহিদা অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা নেই। কারণ পচনশীল বলে জমিতে বা মোকামেই তাঁরা তুলনামূক কম দামে আলু, টমোটো ইত্যাদি পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সে কারণে হতাশ কৃষকেরা নিজ নিজ এলাকায় পর্যাপ্তসংখ্যক হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর।যশোর থেকে মনিরুল ইসলাম জানান, দেশের অন্যতম বৃহত্ সবজির মোকাম সদর উপজেলার বারীনগর ও সাতমাইলে এখন প্রতি কেজি মুলা এক থেকে দেড় টাকা, প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি দুই থেকে তিন টাকা, প্রতি কেজি টমেটো তিন টাকা এবং বেগুন চার টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। কোনো কোনো কৃষক অবশ্য হাটে নেওয়ার পরিবহনসহ অন্যান্য খরচ উঠবে না ভেবে গরুকেই এসব সবজি খাইয়ে দিচ্ছেন।এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জি এম আবদুল হাকিম বলেন, এসব সবজি অন্তত দুই মাস সংরক্ষণ করা গেলে অনেক কৃষক লাখপতি হতে পারতেন। তিনি জানান, হিমাগার স্থাপনের জন্য উদ্যোক্তা খোঁজা হচ্ছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, যশোর জেলায় প্রতিবছর যে পরিমাণ সবজি উত্পাদিত হয় তাতে স্থানীয় চাহিদা পূরণের পরও সাড়ে তিন থেকে চার লাখ মেট্রিক টন উদ্বৃত্ত থাকে। সম্প্রতি সরেজমিনে বারীনগর মোকামে গিয়ে জানা যায়, এখানে প্রতি বৃহস্পতি ও রোববার হাটের দিনে অন্তত দুই হাজার কৃষক এবং দুই শতাধিক ব্যাপারী ও স্থানীয় ৪০ থেকে ৫০ জনের একটি দালাল-ফড়িয়াচক্রের সমাগম ঘটে। প্রতি হাটবারে সবজিবোঝাই ৫০ থেকে ১০০টি ট্রাক খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়।রাজশাহী থেকে দুলাল আবদুল্লাহ জানান, বরেন্দ্র অঞ্চল থেকে প্রতি দিনই প্রচুরসংখ্যক ট্রাকে করে আলু ও টমোটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। এ ছাড়া সস ও চিপসসহ খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোও এখানকার আলু ও টমোটো কিনে মজুদ করে রাখছেন।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি ২০০৯-১০ মৌসুমে বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী জেলায় চার হাজার ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে চার হাজার ৮২৫ হেক্টর জমিতে। চলতি মৌসুমে রাজশাহী জেলায় ২৮ হাজার ২৯২ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৩ হাজার ৫০ হেক্টর জমিতে। রাজশাহী জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কার আলী প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষণসুবিধার অভাবে এ অঞ্চলের কৃষকেরা টমেটো অপরিপক্ক থাকা অবস্থাতেই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার উপপরিচালক মহসীন আলী মিয়া বলেন, সংরক্ষণের জন্য আরও হিমাগার স্থাপন করা হলে কৃষকেরা নায্যমূল্য পাবেন। এতে তাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে।’রাজশাহীর বাগমারা থেকে মামুনুর রশিদ জানান, উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবার বাগমারা উপজেলায় আলুর চাষ হয়েছে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে। তা থেকে দুই লাখ ২৫ হাজার ১০০ মেট্রিক টন আলু উত্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু আলু সংরক্ষণের জন্য বাগমারায় যে পাঁচটি হিমাগার রয়েছে, সেগুলোর ধারণক্ষমতা মাত্র ৪৩ হাজার ২০০ মেট্রিক টন!এ অবস্থায় বাগমারার চাষিদের নিজ নিজ বাড়িতে বালুর স্তর করে সেখানে আলু রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর। এতে আলু হিমাগারের মতোই থাকবে বলে তিনি উল্লেখ করেন। চাষিরা জানান, প্রতি বিঘায় গড়ে ৬০ মণ করে আলু উত্পাদিত হয়েছে। তবে উন্নত জাতের আলুর ফলন হয়েছে বিঘাপ্রতি ৮০ থেকে ৮৫ মণের মতো। উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল বারীও প্রথম আলোকে জানান, আবহাওয়া উপযোগী থাকায় বাগমারায় এবার গত বছরের চেয়ে বিঘাপ্রতি ১০ থেকে ১২ মণ আলু বেশি উত্পাদিত হয়েছে।