হিমালয়ের দেশে বাংলাদেশের ব্র্যান্ড হাতিল

চারপাশে উঁচু উঁচু পাহাড়। মাঝের সমতলে শান্ত এক শহর, কাঠমান্ডু। হিমালয়কন্যা খ্যাত নেপালের রাজধানী। দেখতে বেশ ছিমছাম। সারাক্ষণই পর্যটকের আনাগোনা। এ শহরেই যাত্রা শুরু করল বাংলাদেশের আসবাব ব্র্যান্ড হাতিল।
শহরটির বাণিজ্যিক এলাকা ত্রিপুরেশ্বরে পাঁচ সড়কের সংযোগস্থলে ইউনাইটেড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার; যেখানে আছে আধুনিক শপিংমল। ছয়তলা এই মলে রয়েছে পোশাকের ব্র্যান্ড, সুপারশপ, মোবাইল ও ইলেকট্রনিকস যন্ত্র, রেস্টুরেন্ট, ব্যায়ামাগার ও আসবাবের দোকান। এ শপিংমলেরই দ্বিতীয় তলায় প্রায় ২ হাজার ৬০০ বর্গফুট জায়গাজুড়ে খোলা হয়েছে দেশের বাইরে হাতিলের চতুর্থ বিক্রয়কেন্দ্র। গতকাল রোববার বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন নেপালের সরবরাহমন্ত্রী দীপক ভোহরা।
নেপালে দীর্ঘদিন ধরেই চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও তুরস্ক থেকে আমদানি হওয়া আসবাবের রাজত্ব চলছে। এসবের ভিড়ে বাংলাদেশের হাতিল ভালোই করবে বলে মনে করেন মন্ত্রী দীপক ভোহরা। বললেন, ‘বাংলাদেশ ও নেপালের মানুষের পছন্দ প্রায় কাছাকাছি। তা ছাড়া হাতিলের আসবাব বেশ আধুনিক ও দাম মোটামুটি নেপালিদের হাতের নাগালে। আশা করছি, নেপালের মানুষ হাতিল পছন্দ করবে।’
কাঠমান্ডুতে হাতিলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে আখিল ট্রেডিং কনসার্ন প্রাইভেট লিমিটেড। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান প্রসাধন, টিস্যু ও ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি তুরস্ক ও চীনের আসবাব বিক্রি করে। কয়েক মাস আগে ভারতের এক ব্যবসায়ীর মাধ্যমে হাতিলের খোঁজ পান আখিল ট্রেডিংয়ের চেয়ারম্যান আখিল কুমার চাপাগাইন।
এসব তথ্য দিয়ে আখিল কুমার চাপাগাইন বলেন, ‘বাংলাদেশে হাতিলের কারখানা ও কয়েকটি বিক্রয়কেন্দ্র ঘুরে এবং আসবাবের মান দেখে আমরা অভিভূত হয়ে যাই। তারপরই আমরা কাঠমান্ডুতে হাতিলের বিক্রয়কেন্দ্র খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’ তিনি বলেন, চীনের আসবাব এক-দুই বছর ব্যবহারের পর ফেলে দিতে হয়। আর হাতিলের আসবাব খুবই টেকসই। নকশাও আধুনিক।
বাংলাদেশের বিভিন্ন জেলায় হাতিলের ৭০টি বিক্রয়কেন্দ্র আছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার টরন্টো ও ভুটানের থিম্পুতে আছে ফ্র্যাঞ্চাইজি। চলতি বছর ভারতের কলকাতা, চণ্ডীগড় ও জয়পুর এবং শ্রীলঙ্কার কলম্বোতে বিক্রয়কেন্দ্র খুলবে তারা। সব মিলিয়ে ১৪টি দেশে বছরে গড়ে বর্তমানে ১৫ লাখ মার্কিন ডলারের আসবাব রপ্তানি করছে হাতিল।
কাঠমান্ডুতে বিক্রয়কেন্দ্র চালুর প্রসঙ্গে হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, ‘দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে রপ্তানির পাশাপাশি একক ব্র্যান্ড হিসেবেও আমাদের বিদেশে যেতে হবে। আসবাব খাতের শুরুটা আমরা করলাম। আশা করছি, আমাদের দেখানো পথ ধরে দেশের অন্য ব্র্যান্ডগুলোও এগোবে।’
এ বিষয়ে আখিল কুমার চাপাগাইন বললেন, নেপাল সব সময় পর্যটকে ঠাসা থাকে। তাই হাতিলের আসবাব কেবল নেপালি নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে খুব সহজেই পরিচিত হয়ে উঠবে। তাই ভালো ব্র্যান্ডিং হবে।
হাতিলের বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, আখিল ট্রেডিংয়ের কর্মকর্তা অর্পিত চাপাগাইন, হাতিলের পরিচালক মাহফুজুর রহমান, মিজানুর রহমান, মশিউর রহমান, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া নেপালের একজন সাংসদ, সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীরা ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পরপরই অতিথিদের পাশাপাশি শ দুয়েক ক্রেতা-দর্শনার্থী হাতিলের বিক্রয়কেন্দ্রটি ঘুরে রকিং চেয়ার, খাট, সোফা সেট, ডাইনিং সেট, আলমারি, শোকেস, ডিভান, কফি টেবিল, টিভি কেবিনেটসহ বিভিন্ন আসবাব দেখেন। বেশ কয়েকজন তাৎক্ষণিক ক্রয়াদেশ দেন। উদ্বোধন উপলক্ষে বিক্রয়কেন্দ্রটিতে সাত দিন ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে হাতিল।
প্রায় দেড় লাখ নেপালি রুপি দামে একটি সোফা সেটের জন্য বুকিং দিয়ে স্থানীয় ব্যবসায়ী অরুণ নাকারমি বলেন, ‘মানের দিক থেকে চীন বা থাইল্যান্ডের চেয়ে হাতিলের আসবাব ভালো মনে হচ্ছে। দামও তুলনামূলক কম। তাই কিনলাম।’
আগামী এক বছরের মধ্যে নেপালে ২ লাখ ডলারের (বার্ষিক) আসবাব রপ্তানি করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের বিপণন প্রধান ফিরোজ-আল-মামুন।