হিমায়িত খাদ্য রপ্তানিকারকেরা উৎসে কর হার কমাতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি পর্যায়ে উৎসে কর কর্তনের হার কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) নেতারা। তাঁরা এই হার দশমিক ৬০ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় গতকাল শনিবার সমিতির নেতৃত্ব এসব দাবি জানায়। এনবিআর সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গতকাল বিস্কুট প্রস্তুতকারক, সিএনজি ফিলিং ও কনভার্সন মালিক সমিতি এবং রপ্তানিকারক সমিতির নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করে এনবিআর। আলোচনা সভায় এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বিএফএফইএর পক্ষ থেকে সেবা বিলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) হ্রাসের দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি এই শিল্পে ব্যবহূত রসায়ন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বিএফএফইএর পরিচালক ও সাতক্ষীরা ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুল্লাহ ফসফেট, নন-ফসফেট, প্রি-ডাস্ট, মাখন, পাউরুটির ক্ষুদ্রাংশ, বাগদা চিংড়ি আমদানির ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানান। সিএনজি কনভার্সন সমিতির প্রতিনিধি ও সাউদার্ন সিএনজি কনভার্সন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত বলেন, কর আরোপের দৃষ্টিকোণ বিবেচনায় এনে মোটর ওয়ার্কশপের শ্রেণী থেকে সিএনজি ওয়ার্কশপ বাদ দেওয়া উচিত। তিনি আরও জানান, মোটর ওয়ার্কশপের মতো সাড়ে চার শতাংশ মূসক দেয় সিএনজি ওয়ার্কশপগুলো। এ প্রসঙ্গে এনবিআরের সদস্য নাসির উদ্দিন বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।