
ব্যস্ততাসহ নানা কারণে শহুরে নাগরিকদের হিমায়িত খাদ্যপণ্যের ওপর নির্ভরতা যে দিন দিন বাড়ছে, এর প্রমাণ এবারের বাণিজ্য মেলা। হিমায়িত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন ও স্টলে গেলেই ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হিমায়িত খাদ্যে তাঁদের নির্ভরতাকেই যেন মনে করিয়ে দেয়।
ক্রেতা আকর্ষণে নানা রকমের ছাড় ও উপহার দিচ্ছে হিমায়িত খাদ্যপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। তারা এবারের বেচাবিক্রি নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছে।
দেশের হিমায়িত খাদ্যপণ্যের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট। বাণিজ্য মেলায় হিমায়িত খাদ্যপণ্যের পসরা সাজাতে এ প্রতিষ্ঠান দুটি প্যাভিলিয়ন নিয়েছে। এর একটিতে কথা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা শিশির হোসেন ঠাকুরের সঙ্গে। তিনি জানান, বাণিজ্য মেলা উপলক্ষে খাদ্যপণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট অঙ্কের ছাড় দিচ্ছে তাঁর প্রতিষ্ঠান। ১ হাজার ৫০০ টাকা বা এর বেশি অঙ্কের পণ্য কিনলে সর্বোচ্চ ৩০০ টাকা নগদ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ২০০-৪৯৯ টাকার পণ্য কিনলে ৩০ টাকা, ৫০০ থেকে ৯৯৯ টাকার পণ্যে ৬০ টাকা এবং এক থেকে দেড় হাজার টাকার পণ্যে ১৫০ টাকা নগদ ছাড় দেওয়া হচ্ছে ক্রেতাদের।
গোল্ডেন হারভেস্টের হিমায়িত খাদ্যপণ্যের মোট ২৬টি আইটেম মেলায় বিক্রি হচ্ছে। এর মধ্যে পরোটা, আলু ও ডাল পুরি, বিফ ও চিকেন স্প্রিং রোল, শিঙাড়া, সমুচা, চিকেন নাগেটসহ মুরগির তৈরি নানা পদ উল্লেখযোগ্য। সব আইটেমেরই ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা।
বাণিজ্য মেলায় এবারই প্রথমবারের মতো এসেছে ইসলাম গ্রুপের আইজি ফুডস লিমিটেড। হিমায়িত খাদ্যপণ্যের অন্যতম এই প্রতিষ্ঠানটি রেডি শেফ ব্র্যান্ডের নামে হিমায়িত খাদ্যপণ্য এনেছে। এই ব্র্যান্ডের আওতায় তারা মোটা দাগে মুরগির তৈরি চার রকমের পণ্য বিক্রি করছে। এর আওতায় রয়েছে ফ্রাইড চিকেন, উইংস, নাগেট, মিটবল, ড্রামস্টিকের মতো মুরগি থেকে প্রস্তুত প্যাকেটজাত হিমায়িত খাদ্যপণ্য। একই সঙ্গে প্রতিষ্ঠানের নিজস্ব খামারে উৎপাদিত হিমায়িত ব্রয়লার মুরগির মাংসও মেলায় বিক্রি করা হচ্ছে।
আইজি ফুডসের প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান ১৯৯৫ সাল থেকে দেশে হিমায়িত খাদ্যপণ্যের ব্যবসা করে আসছে। রেডি শেফ ব্র্যান্ডের তৈরি হিমায়িত খাদ্যের প্রচার-প্রচারণার জন্যই এবারের মেলায় অংশ নিচ্ছি আমরা। প্রথমবার মেলাতে অংশ নিতে এসেই ক্রেতাদের খুব ভালো সাড়া পাচ্ছি।’ মেলা উপলক্ষে নির্দিষ্ট কয়েকটি খাদ্যপণ্যে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হিমায়িত খাদ্যপণ্যের আরেক প্রতিষ্ঠান কাজী ফার্মস চিকেনের প্যাভিলিয়নও আছে মেলায়। এ ছাড়া হিমায়িত খাদ্যপণ্যের আরেকটি স্টলও আছে প্রতিষ্ঠানটির। মূলত মুরগি দিয়ে তৈরি বিভিন্ন হিমায়িত খাদ্যপণ্যই কাজী ফার্মসের স্টলে বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে টিজার্স, স্ট্রিপস, স্প্রিং রোল, নাগেট, পরোটা, পুরি, সমুচা প্রভৃতি। ক্রেতা আকর্ষণে প্রতিষ্ঠানটির পণ্যে দেওয়া হচ্ছে মূল্যছাড়।
ব্র্যাক চিকেনের হিমায়িত খাদ্যপণ্যের প্যাভিলিয়নে দেওয়া হচ্ছে বিভিন্ন উপহার। ব্র্যাকের হিমায়িত খাদ্যের যেকোনো তিনটি প্যাকেট কিনলে দেওয়া হচ্ছে একটি টিফিন বক্স। পাঁচটি প্যাকেট কেনার জন্য একটি ফুড কনটেইনার ও আটটি প্যাকেট কিনলে দুটি পেনসিল ব্যাগ ও ফুড কনটেইনার দেওয়া হচ্ছে।
সিপিতে মূলত চার রকমের হিমায়িত খাদ্যপণ্য কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এর মধ্যে রয়েছে চিকেন ললিপপ, চিকেন পেটি, চিলি নাগেট ও রেগুলার নাগেট। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে এসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে বলে জানান সিপির বিপণন কর্মকর্তা রেজাউল করিম।
হিমায়িত খাদ্যপণ্য ও ফ্রাইড চিকেনের জনপ্রিয় ব্র্যান্ড সিপির প্যাভিলিয়নে গিয়ে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বসে খাওয়ার ব্যবস্থা থাকায় ক্রেতারা লাইন ধরে সিপির বিভিন্ন খাবার কিনে সেখানেই বসে খাচ্ছেন। ক্রেতাদের আকর্ষণের জন্য সিপি দিচ্ছে লাকি কুপন, চাবির রিং, মগ ইত্যাদি উপহার। একই সঙ্গে ভোক্তাদের জন্য প্রতি শনিবার র্যাফল ড্রয়ের মাধ্যমে স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া শিশুদের আকৃষ্ট করতে ও আনন্দ দিতে প্যাভিলিয়নের সামনে রাখা হয়েছে সিপি মাসকট।