হিলি বন্দরের ধর্মঘট প্রত্যাহার, ১১ দিন পর বাণিজ্য শুরু
বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের চালু করা নতুন নিয়ম বাতিলের দাবিতে ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে।কলকাতা কাস্টমস কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে বিষয়টির সুরাহা হওয়ায় ১১ দিন বন্ধ থাকার পর গতকাল দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিও শুরু হয়েছে।ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার কলকাতায় সেখানকার কাস্টমসের প্রধান কমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে আগের নিয়মে পণ্য রপ্তানির সিদ্ধান্ত পুনর্বহাল করলে ব্যবসায়ীরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন।অশোক মণ্ডল বলেন, নতুন নিয়ম অনুসারে ১৫০ কিলোমিটার দূরের মালদা কাস্টমস কার্যালয়ে গিয়ে পণ্য রপ্তানির অনুমতি নেওয়া ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। এতে পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতেন, এ কারণেই ধর্মঘট ডাকা হয়েছিল।স্থানীয় ভারতীয় ব্যবসায়ীরা ১৩ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন।হিলি বন্দরের কাস্টমস কার্যালয় সূত্র জানায়, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় গত ১১ দিনে সরকারের তিন কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।