হিলি স্থলবন্দর দিয়ে ইট রপ্তানি বন্ধ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ইট রপ্তানি বন্ধ হয়ে গেছে।তবে অটোমেশিনে তৈরি বা ছিদ্রযুক্ত ইট রপ্তানি করা যাবে। এক্ষেত্রে অবশ্য২৫ শতাংশ শুল্ক দিতে হবে।চলতি ২০১১-১২ অর্থবছরে এই ইট রপ্তানির ওপর উল্লিখিত হারে শুল্ক আরোপ করেছে। স্থানীয় কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, একটি সরকারি গেজেট জারি হওয়ার পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ইট রপ্তানি বন্ধ করা হয়। বিগত অর্থবছরগুলোতে এই স্থলবন্দর দিয়ে ভারতে বিনাশুল্কে ইট রপ্তানি করা হতো। বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. মিনহাজ উদ্দীন পাহলোয়ান গত বুধবার প্রথম আলোকে বলেন, সরকার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সনাতন পদ্ধতিতে ইটভাটায় প্রস্তুতকৃত ইট ভারতে রপ্তানি নিষিদ্ধ থাকবে। ২২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয় এই গেজেটটি প্রকাশ করেছে। বন্দরের কাস্টমস সুপারিনটেন-ডেন্ট মো. ইদ্রিস জানান, ২৮ জুলাই সরকারি গেজেট পাওয়ার পর থেকে ভারতে কোনো ইট রপ্তানি হয়নি। জানা যায়, ভারতে ইট রপ্তানির সুযোগে হিলি স্থলবন্দরসহ এর আশপাশের ২৫ কিলোমিটার এলাকায় ৪০টির মতো ইটভাটা গড়ে উঠেছিল। এসব ভাটায় জেলার বিভিন্ন এলাকার কৃষিজমির মাটি কেটে নিয়ে ইট তৈরি করা হয়। ফলে এসব জমিতে চাষাবাদ করা হলেও আগের মতো আর ভালো ফসল হয় না।হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মাটি কেটে ইট তৈরি হওয়ার কারণে জমি উর্বরাশক্তি হারায় এবং এতে পরিবেশও হুমকির মধ্যে পড়ে।