হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। রমজান মাস উপলক্ষে বাজারের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা এই পেঁয়াজ আমদানি করছেন। এই বন্দর দিয়ে গত ১৭ দিনে ১৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তবে পেঁয়াজ আমদানিকারকেরা অভিযোগ করেছেন, তাঁরা আমদানি খরচসহ এখানে পাইকারি দরে পেঁয়াজ প্রতি কেজি ১৩-১৪ টাকায় বিক্রি করলেও ব্যবসায়ীরা এই পেঁয়াজ কিনে নিয়ে প্রতি কেজি ১২-১৩ টাকা বেশি দরে বিক্রি করছেন। জানা গেছে, অন্যবার রমজান মাসে পেঁয়াজের আমদানিমূল্য বেশি থাকলেও এবার তা কম রয়েছে। ভারতে এবার পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হওয়ায় পেঁয়াজের কোনো সংকট হয়নি। বন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ী মোবারক হোসেন ও তোজাম্মেল হক বলেন, দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এই বন্দর থেকে ১৪ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৪ টাকা, আবার কোথাও ২৫-২৬ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছেন। এভাবে প্রতি কেজিতে তাঁরা ১২-১৩ টাকা লাভ করছেন। বন্দরের কাঁচামাল আমদানিকারক সমিতির সভাপতি শহিদুল ইসলাম গত বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ভারত থেকে ১৪০ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানিতে প্রতি কেজি পেঁয়াজের মূল্য পড়ছে বাংলাদেশি টাকায় ১১ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে পরিবহন খরচসহ দেশে পৌঁছাতে আরও দুই টাকা খরচ হয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের আমদানিমূল্য পড়ে ১৩ টাকা ৫০ পয়সা।ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ২৪-২৬ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে এই পেঁয়াজ বগুড়া, জয়পুরহাট ও সৈয়দপুরে ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, রমজান মাসে এই বন্দর দিয়ে বেশি পেঁয়াজ আমদানি হচ্ছে।