হিলি স্থলবন্দরে এক হাজারেরও বেশি ট্রাক আটকা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল আর অবরোধের কারণে হিলি স্থলবন্দরের উভয় পাশে পণ্যবোঝাই এক হাজার ২০০ ট্রাক আটকা পড়েছে। হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমদানি-রপ্তানি শুল্ক আয়ও কমে গেছে। চার শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে রয়েছেন।
হিলি স্থলবন্দরের পরিচালনার দায়িত্বে নিয়োজিত পানামা হিলি পোর্ট লিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম হায়দার প্রথম আলোকে বলেন, হরতাল বা অবরোধ না থাকলে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৫০টি পণ্যবাহী গাড়ি বন্দর ইয়ার্ডে এসে থাকে। কিন্তু লাগাতার হরতাল-অবরোধের কারণে ৫০ থেকে ৬০টির বেশি গাড়ি আসতে পারছে না। আবার শ্রমিকেরা মাল খালাস না করার কারণে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্দর ইয়ার্ডে ১৬৬টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. হারুন উর রশিদ জানান, হরতাল ও অবরোধের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক ভারতীয় সীমানায় আটকে আছে। এর মধ্যে বেশির ভাগই পেঁয়াজবোঝাই ট্রাক। মালামাল পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হরতাল-অবরোধে পিকেটাররা বিভিন্ন স্থানে পণ্যবোঝাই ট্রাক পুড়িয়ে দিচ্ছেন। এ কারণে প্রয়োজনীয় ট্রাক পাওয়া যাচ্ছে না। মালিকেরা ভাড়াও বাড়িয়ে দিয়েছেন। হিলি থেকে ঢাকা বা নারায়ণগঞ্জ যেতে ট্রাক ভাড়া ছিল ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। কিন্তু এখন সেই ভাড়া বেড়ে এক লাখ টাকায় উঠেছে।