হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।
আলোচ্য বছরে এই স্থলবন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে ২২২ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা, যা ৫৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬৭ কোটি ৬২ লাখ টাকা বেশি। এর আগের ২০১১-১২ অর্থবছরে এই বন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় ২৬ কোটি ৩৫ লাখ টাকা বেশি আদায় হয়।
স্থানীয় কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এ বন্দরের মাধ্যমে ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ, কাঁচা মরিচ, তাজা ফল, কাঁচা ও শুঁটকি মাছ, ভুট্টা, খৈল, ডাল, ভুসি, পান, আদা, প্রসাধনী, কাপড়, সাইকেলের যন্ত্রাংশ প্রভৃতি পণ্য আমদানি হয়। অন্যদিকে এ দেশ থেকে চিটাগুড়, সুতা ও সিমেন্ট রপ্তানি হচ্ছে ভারতে।
কাস্টমসের সহকারী কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে এই বন্দরের মাধ্যমে আগের যেকোনো সময়ের চেয়ে তাজা ফলসহ বিভিন্ন পণ্য বেশি পরিমাণে আমদানি হয়েছে। এর ফলে রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, স্থলবন্দরটি বেসরকারিভাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড।