হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-২০১৩ অর্থবছরের প্রথম সাত মাসে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৯৭ কোটি ৭৪ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।স্থানীয় কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, এই সময়ে স্থলবন্দরটিতে ৩১ কোটি ৫৪ লাখ টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১২৯ কোটি ২৮ লাখ টাকা। এই আয় অতীতের যেকোনো গোটা অর্থবছরের চেয়েও অনেক বেশি। সহকারী কাস্টমস কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে ভারত থেকে আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য আমদানি করায় রাজস্ব আয় বেড়েছে।কাস্টমস কর্মকর্তারা জানান, বর্তমানে এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ, তাজা ফলমূল, কাঁচা ও শুঁটকি মাছ, ভুট্টা, খৈল, ডাল, ভুসি, পান, আদা, প্রসাধনী, সাইকেলের যন্ত্রাংশ ইত্যাদি পণ্য আমদানি হয়। অন্যদিকে এ দেশ থেকে ভারতে রপ্তানি হয় চিটাগুড়। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী বলেন, ২০০১ সাল থেকে এই বন্দর দিয়ে রেডিও-টিভির যন্ত্রাংশ, নিউজপ্রিন্ট, ফরমিকা সিট, ক্র্যাফট পেপার, সিগারেট পেপারসহ সব ধরনের পেপার, সুতা, ফলের রস ও গুঁড়াদুধ আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে রাজস্ব আরও বাড়বে।